অস্ট্রেলিয়ায় জামায়াত আমিরের বিরুদ্ধে অপপ্রচারে আওয়ামী লীগের ইন্ধনের দাবি

Published: November 25, 2026, 11:54 am

অস্ট্রেলিয়া সফরকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানোর পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইন্ধন ছিল বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার দেওয়া এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার জানান, গত ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় ফিরেছেন ডা. শফিকুর রহমান। মহান আল্লাহর কৃপায় সফরকালে তার নির্ধারিত সব কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণ ও ফলপ্রসূভাবে সম্পন্ন হয়েছে।

জামায়াত সেক্রেটারি জেনারেল দুঃখ প্রকাশ করে বলেন, অস্ট্রেলিয়ায় অবস্থানরত পতিত আওয়ামী ফ্যাসিস্টদের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে ‘অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন’ (এজেএ) এবং ‘অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন’ (এএইচএ) নামের দুটি সংগঠন জামায়াত আমিরের বিরুদ্ধে বিষেদ্গার ও অসত্য অপপ্রচার চালায়। বিরোধীদলীয় নেতার সফরসূচিতে বাধা সৃষ্টির অসৎ উদ্দেশ্যে তারা অস্ট্রেলিয়া সরকারের কাছে বিবৃতি দিলেও অস্ট্রেলীয় সরকার তাতে কোনো গুরুত্ব দেয়নি। ফলে তিনি সফলভাবে সফর শেষ করে দেশে প্রত্যাবর্তন করতে পেরেছেন।

তিনি আরও উল্লেখ করেন, অস্ট্রেলিয়ায় বিরোধীদলীয় নেতার কর্মসূচগুলোতে বাংলাদেশি প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রবাসীরা অত্যন্ত আন্তরিকতার সাথে তাকে বরণ করে নেন এবং দেশের সমৃদ্ধি ও উন্নয়ন নিয়ে নিজেদের মনের কথা ও প্রত্যাশা ব্যক্ত করেন। জামায়াত আমির প্রবাসীদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে তাদের সহযোগিতা আহ্বান জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy