১৩ ডিসেম্বর থেকে দেশজুড়ে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু

Published: November 25, 2026, 10:26 am

আগামী ১৩ ডিসেম্বর থেকে সরকার দেশজুড়ে বছরব্যাপী এক নিবিড় পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে। রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে দৈনিক সমকাল সভাকক্ষে আয়োজিত ‘পরিবার পরিকল্পনা সেবার সংকট: দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার নারীর জীবনে বহুমাত্রিক প্রভাব, সমস্যা উত্তরণে নীতিগত করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এ তথ্য জানান। মেরী স্টোপস বাংলাদেশ ও দৈনিক সমকাল যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে।

বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিগত সময়ের নীতিগত সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের ভুল নীতি এবং বিকল্প দিকনির্দেশনা ছাড়া সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার কারণে দেশের চার-পাঁচ দশকের সফল পরিবার পরিকল্পনা ও টিকাদান কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে মাঠপর্যায়ের কর্মীদের বেতন ও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছিল। তিনি মন্তব্য করেন যে, মাঝেমধ্যে ভুল নীতি দুর্নীতির চেয়েও ভয়াবহ পরিণতি ডেকে আনে।

বর্তমান সরকারের কার্যক্রম তুলে ধরে ড. এম এ মুহিত জানান, দায়িত্ব নেওয়ার পর সরকার এই খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং জরুরি ভিত্তিতে দরপত্র আহ্বান করেছে। এরই মধ্যে দেশের সাতটি বিভাগের ডিপোতে পরিবার পরিকল্পনা সামগ্রী পৌঁছে গেছে। তিনি আরও জানান, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া মাঠপর্যায়ে কর্মরত প্রায় ৪০ হাজার কর্মীকে নিয়ে একটি সমন্বিত কর্মীবাহিনী গড়ে তোলা হবে এবং তাদের একবিংশ শতাব্দীর উপযোগী করে তুলতে ট্যাব ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্য সরবরাহ করা হবে।

প্রতিমন্ত্রী পরিবার পরিকল্পনা কর্মসূচিকে বিস্তৃত করে ‘প্রজনন স্বাস্থ্য কর্মসূচি’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। দেশে হৃদরোগ ইনস্টিটিউট থাকলেও ১০ কোটি নারীর জন্য কোনো বিশেষায়িত প্রতিষ্ঠান না থাকায় তিনি একটি ‘নারী স্বাস্থ্য ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার প্রস্তাব করেন। এছাড়া জরুরি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে সামাজিক ট্যাবু ভাঙা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়ানোর আহ্বান জানান তিনি।

বৈঠকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইনুন নাহার গবেষণার মূল বিষয়বস্তু ও ফলাফল উপস্থাপন করেন। এছাড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. জিনাত আরা, মেরী স্টোপস বাংলাদেশের চেয়ারপারসন ডা. ইয়াসমিন আহমেদ, আইপাসের কান্ট্রি ডিরেক্টর ডা. রুবাইয়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম, যৌন ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আখতার এবং ইউএনএফপিএর যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিশেষজ্ঞ এবং পার্টনারশিপ অ্যান্ড ফান্ড রেইজিং প্রধান মঞ্জুন নাহার আলোচনায় অংশ নেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh