রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্সের সাক্ষাৎ, নটর ডেমের জন্য জমি বরাদ্দের আবেদন

Published: November 25, 2026, 10:18 am

নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড’-এর একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার সকালে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি বঙ্গভবনে পৌঁছান।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের পক্ষ থেকে নটর ডেম কলেজের জন্য জমি বরাদ্দের বিষয়ে একটি আবেদন রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। রাষ্ট্রপতি আবেদনটি গ্রহণ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

নটর ডেম কলেজের সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, প্রতিষ্ঠানটির পরিবেশ, শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক, পাঠদান পদ্ধতি ও প্রশাসনিক কাঠামো অত্যন্ত প্রশংসনীয়। এসব গুণাবলীর কারণেই বহু বছর ধরে নটর ডেম কলেজ দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে অবস্থান ধরে রাখতে পেরেছে, যা অন্য কলেজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

বৈঠকে প্রতিনিধিদলটি ক্লাবের সামগ্রিক লক্ষ্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও বর্তমান কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিত অবহিত করেন। বিশেষ করে ক্লাবের পরিচালিত সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক উদ্যোগের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরা হয়। রাষ্ট্রপতি এসব সামাজিক ও কল্যাণমূলক কাজের প্রশংসা করে সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন।

বঙ্গভবনে আয়োজিত এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন। এ ছাড়া ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরাও বৈঠকে অংশ নেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy