ঢাকায় প্লট বুঝে পেতে কাঠাপ্রতি সাড়ে ১৪ লাখ টাকা পর্যন্ত বাড়তি ব্যয়

Published: November 25, 2026, 8:29 am

ঢাকার বেসরকারি আবাসন প্রকল্পে প্লট কিনে মালিকানা বুঝে পেতে ক্রেতাদের বিজ্ঞাপিত মূল্যের বাইরেও বিভিন্ন খাতে বড় অঙ্কের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক নতুন গবেষণায় দেখা গেছে, কোনো কোনো ক্ষেত্রে একজন ক্রেতাকে প্রতি কাঠায় সর্বোচ্চ ১৪ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়তি অর্থ বহন করতে হচ্ছে। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত পরিচালিত এই গবেষণায় রিয়েল এস্টেট কোম্পানি, প্লট ক্রেতা ও জমির মালিকদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

গবেষণার তথ্য অনুযায়ী, উন্নয়ন ফি বা সার্ভিস চার্জ বাবদ প্রতি কাঠায় ২৫ হাজার থেকে ৫ লাখ টাকা, ইউটিলিটি ডিপোজিট বাবদ প্রতি প্লটে ১ লাখ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা এবং পানি সংযোগ ও প্রসেসিং ফি বাবদ ৩০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। এছাড়া সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তাঘাট নির্মাণের নামে প্রতি কাঠায় আরও ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। অনেক সময় চুক্তির পরও আবাসন প্রতিষ্ঠানগুলো বাড়তি অর্থ দাবি করে এবং তা দিতে অস্বীকৃতি জানালে প্লট হস্তান্তরে বাধা বা হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি রেজিস্ট্রেশন বা মামলা পরিচালনার খরচের অজুহাতেও ক্রেতাদের কাছ থেকে টাকা আদায় করা হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, বেসরকারি আবাসন খাতে সুশাসনের ব্যাপক ঘাটতি রয়েছে। তিনি অভিযোগ করেন, আবাসন খাতটি ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে থাকায় জমির মালিক ও ক্রেতারা জিম্মি হয়ে পড়েছেন। রাজনৈতিক যোগসাজশ, মধ্যস্বত্বভোগী ও প্রশাসনের একাংশের সমন্বয়ে একধরনের ‘মাফিয়াতন্ত্র’ গড়ে উঠেছে, যা পুরো নীতিকাঠামোকে জিম্মি করে ফেলেছে। এছাড়া প্রভাবশালী প্রতিষ্ঠানগুলো সংবাদ প্রকাশে বাধা প্রদান ও সাংবাদিকদের ভয়ভীতি দেখানোর মতো কর্মকাণ্ডেও লিপ্ত থাকে।

গবেষণায় ২৫ একর জমিতে একটি আবাসন প্রকল্প গড়ে তুলতে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়মের বাইরে ৪ কোটি ১১ লাখ ৬০ হাজার থেকে ৯ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এতে এসি ল্যান্ড অফিস, রাজউক, ডিপিডিসি, ওয়াসা, পরিবেশ অধিদপ্তর ও ডিটিসিএর মতো সংস্থার নাম উঠে এসেছে। এছাড়া জমি অধিগ্রহণের ক্ষেত্রেও ভয়ভীতি প্রদর্শন, জোরপূর্বক দখল ও বাজারমূল্যের চেয়ে কম দামে জমি বিক্রিতে বাধ্য করার মতো অভিযোগ রয়েছে। ঢাকার জোয়ারসাহারা ও কাঁঠালদিয়া মৌজার একটি প্রকল্পের উদাহরণ দিয়ে বলা হয়েছে, ১৯৮৮ সালে ৩০৫ একর জমি নিয়ে প্রকল্প শুরু করে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক যোগাযোগের মাধ্যমে তা প্রায় ৭ হাজার একরে সম্প্রসারণের অভিযোগ রয়েছে। প্রকল্পটির আওতায় প্রায় ৮০০ একর সরকারি খাসজমি, ২১৬ একর ভাওয়াল এস্টেটের জমি এবং নদী, খাল ও জলাশয় অন্তর্ভুক্ত করা হয়। এ ছাড়া প্রায় ১ হাজার ৪২১ দশমিক ৪৮ একর জমির নিয়ন্ত্রণ পাওয়ার ফলে আনুমানিক ৫০ হাজার থেকে ৮৬ হাজার কোটি টাকা মূল্যের সরকারি ও প্রাকৃতিক সম্পদ ব্যক্তি খাতে স্থানান্তরের অভিযোগ তুলে ধরা হয়েছে।

আবাসন প্রকল্পের সম্প্রসারণে জলাভূমি, নিচু জমি ও বন্যাপ্রবাহ অঞ্চলের জমি ভরাটের বিষয়টিও গবেষণায় উঠে এসেছে। রাজধানীর হোলান ও আশকোনা এলাকার একটি প্রকল্পের উদাহরণ দিয়ে বলা হয়েছে, সেখানে ৪৩ একর জমির অনুমোদন থাকলেও প্রায় ২৩০ একর অননুমোদিত জলাভূমি ও নিচু জমি ভরাট করে প্রকল্পের সীমানা সম্প্রসারণ করা হয়েছে। এছাড়া ঢাকা বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ সংশোধনের ক্ষেত্রেও আবাসন ব্যবসায়ীদের প্রভাব বিস্তারের বিষয়টি উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ড্যাপ ১৫৮ বার সংশোধন করা হয়। ২০২২-২০৩৫ মেয়াদের ড্যাপ প্রণয়নের এক বছরের মধ্যেই আবাসন ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে অন্তত চারবার দাপ্তরিক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে দুবার বড় ধরনের সংশোধনী গেজেট প্রকাশিত হয়। গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে ড্যাপের নতুন সংশোধনীর মাধ্যমে ভবনের উচ্চতা দ্বিগুণ করার আইনি সুযোগ তৈরি করা হয়। এছাড়া সংরক্ষিত জলাভূমি ও বন্যাপ্রবাহ অঞ্চলকে আবাসনযোগ্য এলাকায় রূপান্তরের বিষয়টিও উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, ১৫০টির বেশি আবাসন প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রম মূলত উচ্চ আয়ের ক্রেতাদের লক্ষ্য করে পরিচালিত হয়, যেখানে সাশ্রয়ী আবাসনের অভাব রয়েছে। টিআইবি এই সংকট নিরসনে আবাসন প্রকল্পের অনুমোদন, নকশা ও অতিরিক্ত ব্যয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করার পাশাপাশি নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার সুপারিশ করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo