জাতিসংঘের শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ দূত ফরিদা শহীদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিনিধিদলের অন্য চার সদস্য হলেন মারিয়া স্মিরনোভা, কাজী মোস্তাকিম আহমেদ, মো. সালায়ে মোস্তফা এবং আহমেদ ইমতিয়াজ সামাদ।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সার্বিক কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস প্রতিনিধিদলকে তুলে ধরেন। তিনি প্রতিনিধিদলকে জানান যে, শিক্ষার মানোন্নয়ন ও গবেষণার উৎকর্ষ সাধনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং বর্তমানে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও অনুকূল পরিবেশ বজায় রয়েছে।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, ভর্তি প্রক্রিয়া, বিভিন্ন স্কলারশিপ কর্মসূচি, পাঠদান ও শেখার পদ্ধতিসহ শিক্ষা কার্যক্রম পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়টি প্রতিনিধিদলের কাছে ব্যাখ্যা করেন। তিনি আরও উল্লেখ করেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও গবেষণা কর্মসূচি পরিচালনা করছে। এছাড়া উচ্চশিক্ষা ও গবেষণার মান বাড়াতে এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা জোরদারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এসব প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘের শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ দূত ফরিদা শহীদ।





