২০২৬ সালে এসে স্মার্টফোনের ভূমিকা কেবল কথা বলা বা ইন্টারনেট ব্রাউজিংয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা, শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি, হার্ডওয়্যার সিকিউরিটি এবং বৈশ্বিক নেটওয়ার্কের অভূতপূর্ব সমন্বয়ে মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা পুরোপুরি বদলে গেছে। মোজিলিয়ন টিম এবং জিএসএমএর ‘দ্য মোবাইল ইকোনমি ২০২৬’ রিপোর্টের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছর প্রধান ১০টি প্রযুক্তি ও প্রবণতা বিশ্বজুড়ে স্মার্টফোনের ব্যবহারে বড় ধরনের রূপান্তর নিয়ে এসেছে।
চলতি বছর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আর পৃথক কোনো অ্যাপ হিসেবে ডাউনলোড করতে হচ্ছে না; বরং এটি অপারেটিং সিস্টেমের নিজস্ব কাঠামোর ভেতরেই যুক্ত হয়েছে। যেমন আইফোন ১৭ মডেলে অ্যাপল ইন্টেলিজেন্স এবং পিক্সেল ১০ প্রো ফোনে গুগল জেমিনাই শুরু থেকেই সমন্বিত অবস্থায় থাকছে। ফলে এসব ফোন ব্যবহারকারীর জন্য স্বয়ংক্রিয় ফটো এডিটিং, নিজস্ব ভঙ্গিতে বার্তা তৈরি এবং একাধিক ওয়েব লিংকের বদলে সরাসরি সঠিক তথ্য খুঁজে দেওয়ার কাজ সহজ করে দিয়েছে। পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ এবং নতুন পিক্সেল ডিভাইসগুলোতে যুক্ত হয়েছে তাৎক্ষণিক কল অনুবাদ প্রযুক্তি, যা কথা বলার সময়ই রিয়েল-টাইমে অন্য ভাষায় রূপান্তর করে বিদেশি ভ্রমণ ও ভিন্নভাষীদের সঙ্গে যোগাযোগকে সহজ করেছে।
স্মার্টফোনের ব্যাটারি ও নিরাপত্তা ব্যবস্থাতেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। বহু বছরের ব্যাটারি কাঙ্ক্ষিত ব্যাকআপ না পাওয়ার সমস্যা দূর করেছে নতুন সিলিকন-কার্বন ব্যাটারি প্রযুক্তি। প্রথাগত উপাদানের পরিবর্তে সিলিকন অ্যানোড ব্যবহারের মাধ্যমে একই আকারের ব্যাটারিতে অনেক বেশি শক্তি সঞ্চয় সম্ভব হচ্ছে। এর ফলে অত্যন্ত পাতলা আইফোন এয়ারের মতো ডিভাইসেও এক চার্জে টানা ৪৮ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাচ্ছে। অপরদিকে ব্যক্তিগত নিরাপত্তা ও ব্যাংকিং তথ্য রক্ষায় সফটওয়্যার প্যাচের বাইরে এসে হার্ডওয়্যার স্তরের প্রকৌশল যুক্ত হয়েছে। আইফোনের ‘মেমোরি ইন্টিগ্রিটি এনফোর্সমেন্ট’ প্রযুক্তি সিস্টেম মেমোরিকে আলাদা রেখে হার্ডওয়্যার স্তরেই যেকোনো স্পাইওয়্যার ও ম্যালওয়্যার আটকে দেয়।
ফোন ছিনতাই বা চুরির হাত থেকে তথ্য বাঁচাতে নতুন প্রযুক্তিগুলোতে যুক্ত করা হয়েছে স্বয়ংক্রিয় ‘থেফ্ট ডিটেকশন’ সেন্সর। ফোনটি হঠাৎ ছিনিয়ে নিয়ে দ্রুত সরে যাওয়ার অস্বাভাবিক গতিবিধি শনাক্ত হওয়ামাত্রই স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যায়। এ ছাড়া স্যামসাং ও অ্যাপলের ভাঁজযোগ্য (ফোল্ডেবল) ফোনে উন্নত হিঞ্জ প্রযুক্তি ব্যবহারের ফলে এগুলো একদিকে যেমন পকেটে রাখা সহজ, অন্যদিকে প্রয়োজন অনুযায়ী খুলে পূর্ণাঙ্গ ট্যাবলেট কম্পিউটারের মতো ব্যবহার করা যাচ্ছে। তবে প্রযুক্তির চাপ কমাতে আধুনিক স্মার্টফোনে যুক্ত করা হয়েছে বিশেষ ডিজিটাল ডিটক্স মোড, যার মাধ্যমে অতিরিক্ত নোটিফিকেশন এড়িয়ে ফোনটিকে কেবল কল ও মেসেজ আদান-প্রদানের সাধারণ যন্ত্রে রূপান্তর করা যায়—এজন্য আর আলাদা বাটন ফোন কেনার দরকার পড়ছে না।
দ্রুতগতির কানেকটিভিটির অংশ হিসেবে বিশ্বজুড়ে ৫জি নেটওয়ার্কের বিস্তার দ্রুত ঘটছে, যা ২০৩০ সালের মধ্যে মোট মোবাইল সংযোগের ৫৭ শতাংশে পৌঁছাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে ক্লাউড গেমিং, হাই-ডেফিনিশন স্ট্রিমিং ও তাৎক্ষণিক ডেটা স্থানান্তর অনেক বেশি সহজ হয়েছে। প্রায় ৪৫ শতাংশ টেলিকম অপারেটর এআই-ভিত্তিক সেবাকে মূল কৌশল হিসেবে গ্রহণ করে জিএসএমএ ওপেন গেটওয়ে এবং হাইপারস্কেলার এআই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হচ্ছে, যা দ্রুত ডিজিটাল পেমেন্ট ও পার্সোনালাইজড অ্যাপ অভিজ্ঞতা দিচ্ছে। এসব উদ্যোগ বিশ্বের প্রায় ৫৮০ কোটি স্বতন্ত্র গ্রাহক বা মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশের জীবনযাত্রায় পরিবর্তন আনছে, যার মধ্যে ৫৮ শতাংশ মানুষ মোবাইল ইন্টারনেটে যুক্ত। ২০২৫ সালে বিশ্ব অর্থনীতিতে ৭.৬ ট্রিলিয়ন ডলার অবদান রাখা এই খাত ২০৩০ সালের মধ্যে ১১.৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সামগ্রিকভাবে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত হার্ডওয়্যারের সঙ্গে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ নিশ্চিত করার এই সংমিশ্রণ স্মার্টফোন ব্যবহারে নতুন যুগ এনেছে।





