এআই প্রশিক্ষণে গুগলের নিজস্ব কৃত্রিম ইন্টারনেট ‘মিরর ডাইমেনশন’

Published: November 22, 2026, 2:40 am

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ব্রাউজিং এজেন্টকে নিরাপদে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে একটি বিশাল কৃত্রিম ইন্টারনেট পরিবেশ তৈরি করেছে গুগল। ‘মিরর ডাইমেনশন’ নামের এই ডিজিটাল জগতে অনলাইন কেনাকাটার ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন কনটেন্ট ফিড এবং ব্যাংকিং সেবার ড্যাশবোর্ডের মতো বিষয়গুলো হুবহু বাস্তব ইন্টারনেটের মতো তৈরি করা হয়েছে। তবে বাইরে থেকে সবকিছু বাস্তব মনে হলেও, এগুলো কোনোটিই আসল ওয়েবসাইট নয়।

গুগলের নিরাপত্তাবিষয়ক ব্লগের তথ্য অনুযায়ী, এই নিয়ন্ত্রিত পরিবেশে ক্রোম ব্রাউজারের জেমিনাই-চালিত ‘অটো ব্রাউজ’ এআই এজেন্টকে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখানে এআই নিজে থেকে ওয়েবসাইটে প্রবেশ, লিংকে ক্লিক, ফরম পূরণ, পডকাস্ট ডাউনলোড বা কেনাকাটার মতো কাজ করতে পারে। এতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বা বাস্তব অনলাইন অ্যাকাউন্টের কোনো নিরাপত্তা ঝুঁকি থাকে না।

প্রকৃত ইন্টারনেটে এআই এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া বেশ জটিল। কারণ, ওয়েবসাইটগুলো নিয়মিত পরিবর্তিত হয়, ফলে বারবার একই পরিবেশে পরীক্ষা চালিয়ে নির্ভরযোগ্য ফল পাওয়া কঠিন। এছাড়া পুরোপুরি প্রস্তুত নয় এমন এআই সরাসরি ইন্টারনেট ব্যবহার করলে ব্যবহারকারীর আর্থিক বা ব্যক্তিগত ক্ষতির আশঙ্কা থাকে। এর পাশাপাশি ‘ইভাল্যুশন অ্যাওয়ারনেস’ নামের একটি সমস্যাও রয়েছে, যেখানে এআই বুঝতে পারে যে তাকে পরীক্ষা করা হচ্ছে এবং সে স্বাভাবিক আচরণ না করে অতিরিক্ত সতর্ক হয়ে যায়।

মিরর ডাইমেনশন তৈরিতে গুগল ‘জিভাইজর’ নামক প্রযুক্তি ব্যবহার করেছে, যা একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন পরিবেশ নিশ্চিত করে। এআই যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে চায়, তখন তাকে স্বয়ংক্রিয়ভাবে সেই ওয়েবসাইটের একটি কৃত্রিম সংস্করণে নিয়ে যাওয়া হয়। ব্রাউজারের অ্যাড্রেস বারে আসল ওয়েবসাইটের ঠিকানাই দেখা যায়, তাই এআই বুঝতে পারে না যে সে নকল সাইট ব্যবহার করছে। নিরাপত্তার জন্য গুগল এখানে বিশেষভাবে তৈরি ভুয়া ওয়েব সার্টিফিকেট ব্যবহার করেছে, যাতে ব্রাউজার কোনো সতর্কবার্তা না দেখায়।

গুগল জানিয়েছে, এই পরিবেশটি তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন এবং প্রতিটি পরীক্ষা শুরুর আগে এটি নতুন করে প্রস্তুত করা হয়, যাতে আগের পরীক্ষার কোনো প্রভাব না থাকে। হাজার হাজার বাস্তবসম্মত ওয়েবসাইট তৈরিতে গুগল একাধিক এআই এজেন্টকে কাজে লাগিয়েছে। গবেষণার দায়িত্বে থাকা এজেন্টরা ওয়েবসাইটের বৈশিষ্ট্য ঠিক করে, নির্মাণের দায়িত্বে থাকা এজেন্টরা কোড লেখে এবং পর্যালোচনার দায়িত্বে থাকা এজেন্টরা ত্রুটি শনাক্ত করে।

এই ব্যবস্থার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ‘প্রম্পট ইনজেকশন’ আক্রমণ থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়া। হ্যাকাররা ওয়েবপেজের লেখা বা ছবির মধ্যে ক্ষতিকর নির্দেশনা লুকিয়ে রাখে, যা এআই এজেন্ট অনুসরণ করতে পারে। প্রাথমিক পরীক্ষায় এআই অস্বাভাবিক ঠিকানা দেখে পরীক্ষা শনাক্ত করে ফেলত, তাই প্রকৌশলীরা ওয়েবসাইটের অদৃশ্য হেডারের মধ্যে আক্রমণের সংকেত লুকিয়ে রাখার ব্যবস্থা করেছেন। এই স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে একজন নিরাপত্তা প্রকৌশলী দিনে এক হাজারের বেশি সাইবার হামলার পরিস্থিতি তৈরি করতে পারেন, যা মানুষের করা কাজের চেয়ে ৩০ গুণের বেশি কার্যকর।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo