তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলা এই সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান থাকায় এখনো কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড। দুই পক্ষের এই ব্যবধান কমিয়ে একটি গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণের লক্ষ্যে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন। এছাড়া শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার উপস্থিত ছিলেন।
সভা শেষে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের জানান, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকপক্ষের কাছে গ্রহণযোগ্য হয়নি এবং একইভাবে শ্রমিকপক্ষের প্রস্তাবও মালিকপক্ষ গ্রহণ করেনি। বর্তমানে দুই পক্ষের প্রস্তাব পর্যালোচনা করে একটি সমন্বিত কাঠামো তৈরির চেষ্টা চলছে। তিনি বলেন, ঢাকা, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের মতো শিল্পাঞ্চলগুলোর বাস্তব পরিস্থিতি এবং শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়েই মজুরি নির্ধারণের বিষয়টি গুরুত্বের সাথে পর্যালোচনা করা হচ্ছে।
শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছেন, আলোচনা এখনো চলমান থাকায় মালিকপক্ষের প্রস্তাবের বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে ব্যবধান কমিয়ে আনার জন্য প্রয়োজনে শ্রমিকপক্ষও তাদের প্রস্তাব পুনর্বিবেচনা করতে পারে। মজুরি নির্ধারণের বিষয়টি দ্রুত নিষ্পত্তির গুরুত্ব বিবেচনায় শ্রমিক ও মালিক উভয় পক্ষই আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে।





