তিন মাসে ২১ হাজার কোটি বেড়ে খেলাপি ঋণ সোয়া ৬ লাখ কোটি টাকা

Published: November 23, 2026, 6:31 am

দেশের ব্যাংক খাতে খেলাপির পরিমাণ নতুন রেকর্ড গড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায়। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত খেলাপি ঋণের হালনাগাদ প্রতিবেদন থেকে এই চিত্র জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর প্রান্তিক শেষে ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের মধ্যে ৩৩ দশমিক ৮০ শতাংশই খেলাপি ঋণ হয়ে পড়েছে।

প্রতিবেদনে দেখা যায়, মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ ২০ হাজার ৮৪৯ কোটি টাকা বা প্রায় ২১ হাজার কোটি টাকা বেড়েছে। এর আগে গত জুন প্রান্তিক শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের মোট পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা তৎকালীন মোট বিতরণকৃত ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ ছিল।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত ডিসেম্বর মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। পরবর্তীতে মার্চ প্রান্তিকে খেলাপি ঋণ একলাফে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা বৃদ্ধি পায়। মাঝে অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে খেলাপির পরিমাণ কিছুটা কমলেও পরবর্তী প্রান্তিকগুলোতেই তা আবার বাড়তে থাকে। সংশ্লিষ্ট ব্যাংকাররা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে ব্যাংক খাতে অনিয়ম, জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির উচ্চমাত্রার কারণেই খেলাপির পাহাড় তৈরি হয়েছে। ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকার দায়িত্ব নেওয়ার সময় খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। তবে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে ২০২৪ সালের জুনে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকায়।

বর্তমানে বাংলাদেশ বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের আমলে ব্যাংক খাতের প্রকৃত চিত্র উন্মোচিত হতে শুরু করে। পাশাপাশি আওয়ামী লীগ-সমর্থিত বহু বড় ঋণগ্রহীতা আত্মগোপনে চলে যাওয়ায় খেলাপি ঋণের পরিমাণ দ্রুত বাড়তে থাকে। উদ্ভূত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার বিশেষ ছাড়ে ঋণ পুনঃ তফসিলের সুবিধা দিলে খেলাপির পরিমাণ কিছুটা কমে এসেছিল। তবে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে যে, বর্তমান বিএনপি সরকারের আমলেও ব্যাংক খাতে খেলাপি ঋণ বৃদ্ধির এই ধারা অব্যাহত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo