আইফোনের এয়ারড্রপের মতো অ্যান্ড্রয়েড ফোনেও এবার দুটি ডিভাইস পাশাপাশি এনে স্পর্শ করানোর মাধ্যমে ছবি, যোগাযোগের তথ্য ও বিভিন্ন ফাইল আদান-প্রদানের সুযোগ তৈরি করছে গুগল। প্রতিষ্ঠানটি ‘ট্যাপ টু শেয়ার’ নামের নতুন এই সুবিধাটি চালু করছে, যার ফলে আলাদাভাবে ফাইল খুঁজে পাঠানোর ঝামেলা ছাড়াই ফোন দুটি কাছাকাছি আনলেই তথ্য বিনিময় করা সম্ভব হবে।
এতদিন অ্যান্ড্রয়েড ফোনে ফাইল আদান-প্রদানের জন্য গুগলের ‘কুইক শেয়ার’ সুবিধাটি ব্যবহৃত হতো। এখন সেই কুইক শেয়ারের সঙ্গেই যুক্ত হচ্ছে ট্যাপ টু শেয়ার। এর মাধ্যমে সমর্থিত দুটি অ্যান্ড্রয়েড ফোন একে অপরের কাছাকাছি নিয়ে স্পর্শ করালেই ফাইল আদান-প্রদানের প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে।
প্রাথমিকভাবে গুগলের পিক্সেল ৬ ও এর পরবর্তী মডেলগুলোতে এবং স্যামসাংয়ের সর্বশেষ গ্যালাক্সি জেড ফোল্ড ৮ মডেলে এই সুবিধাটি পাওয়া যাবে। পিক্সেল ফোনের ক্ষেত্রে এই ফিচারটি ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড ১৭ সংস্করণ থাকা আবশ্যক।
ট্যাপ টু শেয়ার ব্যবহারের প্রক্রিয়াটি বেশ সহজ। ব্যবহারকারীকে ফোনের ‘শেয়ার’ কার্ডে গিয়ে ফাইল, ছবি, অ্যাপ বা যোগাযোগের তথ্য নির্বাচন করতে হবে। এরপর দুটি ফোন আনলক অবস্থায় পাশাপাশি এনে স্পর্শ করালে এনএফসি প্রযুক্তির মাধ্যমে সংযোগ স্থাপিত হবে। সংযোগ সক্রিয় হলে ফোনের পর্দায় আলোর পরিবর্তন দেখা যাবে। আদান-প্রদান বন্ধ করতে চাইলে ফোন দুটি পরস্পর থেকে সরিয়ে নিলেই এনএফসি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
এই সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে চালু থাকবে, তবে ব্যবহারকারী চাইলে সেটি বন্ধও করতে পারবেন। এজন্য ফোনের সেটিংস থেকে ‘গুগল’ অপশনে গিয়ে ‘কুইক শেয়ার’ নির্বাচন করে ‘ট্যাপ টু শেয়ার’ অপশনটি বন্ধ করে দিতে হবে। গুগল জানিয়েছে, পিক্সেল ফোনের ওয়ার্ক প্রোফাইলের অধীন থাকা অ্যাপের ক্ষেত্রে এই সুবিধাটি ব্যবহার করা যাবে না।
প্রাথমিক পর্যায়ে নির্দিষ্ট কিছু ফোনে চালু হলেও, গুগল চলতি বছরের শেষ নাগাদ আরও বেশি অ্যান্ড্রয়েড ডিভাইসে এই ট্যাপ টু শেয়ার সুবিধাটি সম্প্রসারণ করার পরিকল্পনা করেছে।





