দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে দুই শিশু এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ৪১২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ১৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজন ময়মনসিংহের এবং অন্যজন খুলনার বাসিন্দা। গত একদিনে যে ১ হাজার ৪১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে নিশ্চিত হামের রোগী ৭৪ জন এবং সন্দেহজনক রোগী ১ হাজার ৩৩৮ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে নিশ্চিত ও সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু নিশ্চিত হামে এবং ১ হাজার ২৫৮ জনের মৃত্যু হামের উপসর্গে হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২৬ হাজার ৩৭৪ জন এবং সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৬০ হাজার ৫২৮ জন। চলতি বছরে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হন ২ লাখ ৩৩ হাজার ২৫৯ জন। তাদের মধ্যে ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন সুস্থ হয়ে ফিরেছেন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৮ হাজার ৯৭২ জন।
অন্যদিকে ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫২৬ জন এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জনে। এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) ডেঙ্গুতে চারজনের মৃত্যু এবং ১ হাজার ১৪৫ জন নতুন শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।





