আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ ও নারী নির্যাতনের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। বুধবার আয়োজিত এ কর্মসূচি থেকে অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধ এবং পর্যাপ্ত বিচারক নিয়োগসহ সাত দফা দাবি পেশ করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং সংগঠনটির মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা। ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তানহা আজমীরের সঞ্চালনায় এতে কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের শীর্ষ নেত্রীরা বক্তব্য দেন।
মানববন্ধনে বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা তুলে ধরে নুরুন্নিসা সিদ্দীকা বলেন, দেশের নারীরা আজ কোথাও নিরাপদ বোধ করছেন না। অন্যান্য দেশের সাথে তুলনা করলে বাংলাদেশে বিচারকের সংখ্যা অত্যন্ত অপ্রতুল, যার ফলে মামলা নিষ্পত্তিতে দীর্ঘ সময়ের অপচয় ঘটছে। বিশেষ করে নারী নির্যাতনের ঘটনাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অবিলম্বে প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগের জোর দাবি জানান তিনি। এ সময় অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নি মন্তব্য করেন যে, নারীর নিরাপত্তা পাওয়া কোনো দয়া বা অনুগ্রহ নয়, বরং এটি তার মৌলিক অধিকার। রাষ্ট্র ও সমাজ—উভয়েরই দায়িত্ব এই অধিকার নিশ্চিত করা।
বিচার চাইতে গিয়ে ভুক্তভোগীদের নানা জটিলতার বিষয়টি উত্থাপন করেন মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান। তিনি জানান, পর্যাপ্ত নিরাপত্তার অভাব এবং নতুন করে হয়রানি কিংবা সামাজিক নিরাপত্তাহীনতার ভয়ে নির্যাতনের শিকার হওয়ার পরও অনেকে আদালতের দ্বারস্থ হতে চান না। তাই বিচারপ্রার্থী নারীদের জন্য আইনি পদক্ষেপ গ্রহণের সুবিধার্থে সরকারি সহায়তা নিশ্চিত করা জরুরি। গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও উত্যক্তকরণ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য আকলিমা ফেরদৌসী আঁখি।
ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তাহমিনা আক্তার সুরমা তাঁর বক্তব্যে দেশের সার্বিক চিত্র তুলে ধরে বলেন, রাজপথ থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত কোথাও নারীদের নিরাপত্তা নেই। এখনো ফ্যাসিস্ট শক্তির সহিংস আচরণ অব্যাহত থাকা সত্ত্বেও রাষ্ট্র নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। এ সময় তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাসভবনে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
কর্মসূচি থেকে উত্থাপিত সাত দফা দাবির মধ্যে প্রথম দাবিতে উল্লেখ করা হয়, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি অভিযোগ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে; কোনোভাবেই অভিযোগ গ্রহণে অবহেলা, ভুক্তভোগীকে হয়রানি বা আপসের নামে মানসিক চাপ সৃষ্টি করা যাবে না। দ্বিতীয় দাবিতে ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা এবং শিশু নির্যাতনের মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর করার আহ্বান জানানো হয়। পাশাপাশি অপরাধীদের রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক প্রভাবের ঊর্ধ্বে রেখে কঠোর আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
তৃতীয় দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, রাস্তাঘাট, গণপরিবহন ও আবাসিক এলাকায় নারীর নিরাপত্তা নিশ্চিতে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার দাবি করা হয়। চতুর্থ দাবিতে নির্যাতনের শিকার নারী ও শিশুদের জন্য সহজলভ্য আইনি সেবা, প্রয়োজনীয় চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয়স্থল ও পুনর্বাসন ব্যবস্থা চালুর তাগিদ দেওয়া হয়। পঞ্চম দাবি হিসেবে সাইবার জগতে নারীর বিরুদ্ধে কুৎসা রটানো, হুমকি, অশ্লীলতা, ছবি ও ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল ও সাইবার সহিংসতা রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে।
সংগঠনটির ষষ্ঠ দাবিতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, সামাজিক সংগঠন, গণমাধ্যম এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষার প্রসার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। শেষ ও সপ্তম দাবিতে বলা হয়েছে, নির্যাতনের শিকার কিংবা ঝুঁকির মুখে থাকা নারীদের সহায়তায় স্থানীয় পর্যায়ে কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে হবে, যাতে বিপদের সময় কোনো নারীকে একা, অসহায় বোধ না করতে হয় কিংবা অবিশ্বাসের মুখোমুখি হতে না হয়। মানববন্ধনে জামায়াতের মহিলা বিভাগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





