ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গোল করার জন্য মরিয়া ছিল আর্সেনাল। ম্যাচের নবম মিনিটেই ভিক্টর গিওকেরেসের দূরপাল্লার দারুণ শটে এগিয়ে যায় মিকেল আরতেতার দল। প্রথমার্ধে আধিপত্য ধরে রেখে একের পর এক আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় গানাররা। বিরতির আগে মার্টিন ওডেগার্ডের কাছ থেকে পাওয়া সহজ সুযোগও কাজে লাগাতে পারেননি গিওকেরেস।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানো জার্মান ক্লাব ডর্টমুন্ড ৫৫ মিনিটে সমতায় ফেরে। জোয়ানে গাদুর দুর্দান্ত দৌড়ের পর তার বাড়ানো বল থেকে নিচু শটে গোল করেন ম্যাক্সিমিলিয়ান বেয়ার। সমতায় ফেরার পর আর্সেনাল জয়ের জন্য আপ্রাণ চেষ্টা চালায়। তবে গিওকেরেসের হেড লক্ষ্যভ্রষ্ট হয় এবং জুরিয়েন টিম্বারের কাটব্যাক পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের ৮৪ মিনিটে ডেকলান রাইসের নেওয়া নিচু শটটিও পোস্টে বাধা পায়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ ব্যবধানেই ম্যাচ শেষ হয়।
পুরো ম্যাচে আর্সেনাল গোলমুখে মোট ৩০টি শট নিয়েছে, যা ২০০৩-০৪ মৌসুম থেকে চ্যাম্পিয়নস লিগে তাদের কোনো এক ম্যাচে সর্বোচ্চ। তবে এর মধ্যে মাত্র চারটি শট ছিল লক্ষ্যে। এই ড্রয়ের ফলে লিগ পর্বের পয়েন্ট তালিকায় দুই ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে আর্সেনাল।





