১১ দল ও এনসিপিকে সঙ্গে নিয়েই সংলাপে বসতে চায় জামায়াত

Published: November 25, 2026, 3:14 am

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ও চলমান রাজনৈতিক অস্থিরতার মুখে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান করা রাজনৈতিক সংলাপে এককভাবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। সংসদের বিরোধী দল হিসেবে পরিচিত জামায়াত চায়, সংলাপে ১১-দলীয় ঐক্যের সব শরিক দল এবং জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্যান্য রাজনৈতিক দলকেও অন্তর্ভুক্ত করা হোক। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার স্বার্থে সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও জোটবদ্ধভাবে বসার পক্ষপাতী দলটি।

দলটির দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, সংলাপ ইস্যুতে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জামায়াতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জামায়াতও বিষয়টি গুরুত্ব দিয়ে তাদের অবস্থানের কথা সরকারকে জানিয়ে দিয়েছে। সংলাপে অংশগ্রহণের বিষয়ে জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা ও সংসদ সদস্য নাম না প্রকাশের শর্তে জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও সংলাপের চূড়ান্ত দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে জামায়াত ইতিবাচক সাড়া দিয়েছে এবং স্পষ্ট করেছে যে, আলোচনা হলে তা ১১-দলীয় ঐক্যের সঙ্গে জোটবদ্ধভাবেই হতে হবে। একই সঙ্গে এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো উচিত বলে মনে করে দলটি।

এর আগে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তুলতে সর্বদলীয় গণমিছিলের একটি প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু গণমিছিল না করে আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার পাল্টা পরামর্শ দিয়েছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। রাজনৈতিক সূত্রগুলো জানায়, এই আলোচনার ধারাবাহিকতায় গত ১৮ নভেম্বর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ তথা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা ছিল। কিন্তু নাহিদ ইসলাম তখন যুক্তরাজ্য সফরে থাকায় সেই বৈঠক নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে পারেনি।

যুক্তরাজ্য সফর শেষে গত রোববার সন্ধ্যায় দেশে ফেরেন নাহিদ ইসলাম। এর পরপরই রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১-দলীয় ঐক্যের প্রায় দেড় ঘণ্টাব্যাপী এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে নাহিদ ইসলাম উপস্থিত না থাকলেও এনসিপির প্রতিনিধিরা জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নাহিদ ইসলামকে ইতিমধ্যেই মতবিনিময়ের আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে অংশ নেওয়া নেতারা নাহিদ ইসলামকে এককভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরামর্শ দেন। পরবর্তীতে রোববার গভীর রাতে এনসিপির পক্ষ থেকে সোমবার বেলা একটা সময়ে বৈঠকের বিষয়টি জানানো হয়। সে অনুযায়ী সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ তিন নেতা আনুষ্ঠানিকভাবে মতবিনিvision করেন। রোববারের ১১-দলীয় ঐক্যের বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকার ১১-দলীয় ঐক্যকে সংলাপে ডাকলে তারা অংশ নেবেন এবং এনসিপির সঙ্গে এক দফা আলোচনা হলেও পরবর্তী ধাপের সংলাপে এনসিপিকে অবশ্যই অন্তর্ভুক্ত রাখতে হবে।

এদিকে সংলাপে অংশগ্রহণের এই আলোচনার মধ্যেই বিদেশে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। গত ২০ নভেম্বর এক সপ্তাহের সফরে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন তিনি। সেখানে চার দিনের কর্মসূচি শেষে পূর্বপরিকল্পনা অনুযায়ী এক দিনের জন্য মালয়েশিয়া গিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সূচি ছিল তার এবং বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল। তবে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে মালয়েশিয়া সফর বাতিল করে তিনি বুধবারই দেশে ফিরছেন। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হওয়ার আগে বিকেল পাঁচটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে দেশে ফেরার কথা জানান তিনি। ফেসবুক পোস্টে শফিকুর রহমান লেখেন, জরুরি প্রয়োজনে মালয়েশিয়া সফর স্থগিত করে দেশের পথে রওনা হয়েছেন এবং ভবিষ্যতে সেখানে প্রবাসীদের সঙ্গে সাক্ষাতের আশা প্রকাশ করছেন। রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে যে সংলাপে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি সফর সংক্ষিপ্ত করেছেন, যদিও জামায়াতের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin