রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় দফার পরীক্ষায় গ্রিডে এলো ৭ কোটি টাকার বিদ্যুৎ

Published: November 25, 2026, 2:44 am

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়ে টানা প্রায় ৩০ ঘণ্টা সফলভাবে বিদ্যুৎ সরবরাহ সম্পন্ন করেছে। পরীক্ষামূলক এ দফায় গ্রিডে যুক্ত হওয়া বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য সাত কোটি ৬ লাখ টাকা। জাতীয় সঞ্চালন লাইনের সূত্র অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিট থেকে ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট হারে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে এ সরবরাহ কার্যক্রম শেষ করা হয়।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এই ধাপে ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও পারফরম্যান্স সন্তোষজনক হওয়ায় নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময়, অর্থাৎ প্রায় ৩০ ঘণ্টা টানা বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন অব্যাহত রাখা হয়। বিদ্যুৎকেন্দ্রের পরিচালন সক্ষমতা এবং প্রযুক্তিগত প্রস্তুতির দিক থেকে এই সাফল্যকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করছেন প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা।

দ্বিতীয় দফার এই সফল পরীক্ষার পর নিয়ম অনুযায়ী ইউনিটটিকে আপাতত জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহকালীন বিভিন্ন অপারেটিং প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং যন্ত্রপাতির কার্যকারিতা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হচ্ছে। এ পর্যালোচনার চূড়ান্ত ফলাফলের ওপর নির্ভর করেই নির্ধারণ করা হবে পরবর্তী পরিচালন পদক্ষেপ।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান এই অর্জন সম্পর্কে বলেন, দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত থেকে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারাটা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি আমাদের সংস্থার পরিচালন সক্ষমতা, প্রকৌশলী ও অপারেটরদের অভিজ্ঞতা এবং রাশিয়ান বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টার এক অনন্য প্রতিফলন।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের সামগ্রিক বিদ্যুৎ উৎপাদনে বৈচিত্র্য আসবে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা আরও সুসংহত হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh