প্রায় তিন মাস বা ৮৫ দিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর দেশে ফিরেছেন জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। এই দীর্ঘ সংগীতসফরে তিনি মোট ১৭টি স্টেজ শোয়ে অংশ নিয়েছেন, যা তাঁর ১৮ বছরের ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ সফর। এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ১০টি শো করেছিলেন। এবার নতুন সংগীতায়োজনে পরিবেশনাগুলো সাজানোয় দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন বলে তিনি জানিয়েছেন।
দেশে ফিরেই ইমরান তাঁর নতুন গান ‘সখী মন বুঝলা না’ প্রকাশ করেছেন। গানটি প্রকাশের ১০ দিনের মাথায় ইউটিউবে এর ভিউ প্রায় ৪০ লাখ ছুঁয়েছে। লোকগানের সঙ্গে ইলেকট্রনিক সংগীতের মেলবন্ধনে তৈরি এই গানটি মূলত তরুণ প্রজন্মকে লক্ষ্য করে করা হয়েছে। ইমরান জানান, বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে তিনি ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন। তিনি বলেন, ‘অনেক পুরোনো শ্রোতা আছেন, যাঁরা ২০০৮ সাল থেকে গান শুনছেন। শ্রোতারা মন্তব্য করছেন যে তারা ইমরানের মধ্যে নতুনত্ব খুঁজে পাচ্ছেন, যা তাঁর মূল লক্ষ্য ছিল।
যুক্তরাষ্ট্রের এই সফরে ইমরান নতুন প্রজন্মের বাংলা গানের প্রতি আগ্রহের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। তিনি বলেন, অনেক শিশু ও তরুণকেও মা-বাবার সঙ্গে অনুষ্ঠানে আসতে দেখেছি। এই প্রজন্মের জন্য নিয়মিত ভালো কিছু করার তাগিদ অনুভব করছেন তিনি। এরই অংশ হিসেবে গ্রুভি ধাঁচের আরও তিনটি নতুন গানের কাজ চলছে বলে জানিয়েছেন এই শিল্পী।
গান, সিনেমা ও নাটকের সংগীত নিয়ে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন ইমরান। সব মিলিয়ে অর্ধডজনের মতো গানের কাজ তাঁর হাতে রয়েছে। সিনেমার গানের ক্ষেত্রে মুক্তির আগপর্যন্ত বিস্তারিত জানাতে চান না তিনি। অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের সঙ্গে কাজ করার ইচ্ছার কথা জানিয়ে ইমরান বলেন, অরিজিতের গান তাঁর কাছে থেরাপির মতো কাজ করে।
ব্যক্তিগত জীবনে কতটা রোমান্টিক—এমন প্রশ্নের জবাবে হেসে ইমরান বলেন, প্রেমিক ইমরান কেমন, সেটা তিনি নিজে বলতে পারবেন না, তা কেবল তাঁর প্রেমিকাই বলতে পারবেন। তিনি আরও জানান, জীবনে তাঁর প্রেমিকা একজনই এবং তাঁর সঙ্গেই তিনি জীবন বেঁধেছেন।





