চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে যাত্রা পাকিস্তানি জিশান আলীর

Published: November 25, 2026, 3:30 am

চীন ও পাকিস্তানের মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন মাইলফলক উন্মোচিত হয়েছে। চীনের নিজস্ব তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী এবং প্রথম পাকিস্তানি নাগরিক হিসেবে পাড়ি জমিয়েছেন ৪০ বছর বয়সী পাইলট জিশান আলী। বুধবার চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে শেনঝৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। শক্তিশালী লং মার্চ-২এফ রকেটের মাধ্যমে শুরু হওয়া এই অভিযানকে উৎক্ষেপণ কেন্দ্র থেকে ইতিমধ্যেই ‘সম্পূর্ণ সফল’ হিসেবে ঘোষণা করা হয়েছে। বেইজিং অ্যারোস্পেস কন্ট্রোল সেন্টারের ফ্লাইট ডেটা নিশ্চিত করেছে যে, মহাকাশযানটি নির্ধারিত কক্ষপথে পৌঁছে স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করছে।

তিন সদস্যের শেনঝৌ-২৪ অভিযাত্রী দলের অংশ হিসেবে এই অভিযানে যোগ দিয়েছেন জিশান আলী। দলে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন চীনা কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই। মহাকাশ স্টেশনে পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন জিশান। সেখানে তিনি পাঁচ থেকে ১০ দিন অবস্থান করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় সক্রিয়ভাবে অংশ নেবেন। এই ঐতিহাসিক যাত্রার প্রস্তুতির অংশ হিসেবে বেইজিংয়ে টানা সাত মাস নিবিড় প্রশিক্ষণ নিয়েছেন তিনি। ওই সময়ে তাকে নিবিড়ভাবে চীনা ভাষা শেখানোর পাশাপাশি চীনা গান গাওয়া, কবিতা পড়া, ক্যালিগ্রাফি চর্চা এবং টেবিল টেনিস খেলার প্রশিক্ষণও দেওয়া হয়েছিল।

মহাকাশে রওয়ানা দেওয়ার আগে জিশান আলী আবেগঘন কণ্ঠে সাংবাদিকদের বলেন, তিনি কেবল নিজের জন্য মহাকাশে যাচ্ছেন না, বরং তার কাঁধে গোটা পাকিস্তানের নাম বহন করছেন। চীন-পাকিস্তান যৌথ উদ্যোগের ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মহাকাশ সহযোগিতার পরবর্তী অধ্যায় কেবল একজন নভোচারী বা একটি অভিযানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং ভবিষ্যতে যৌথ মিশনগুলো চাঁদ, মঙ্গল এবং মহাকাশের আরও দূরবর্তী সীমানা পর্যন্ত বিস্তৃত হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই মিশনকে একটি ‘ঐতিহাসিক ঘটনা’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেহবাজ লেখেন, ‘পাকিস্তান-চীন বন্ধুত্ব হিমালয়ের উচ্চতা ছাড়িয়ে মহাকাশের পথে এগিয়ে যাচ্ছে।’ নব্বইয়ের দশকের শুরু থেকেই চীন ও পাকিস্তানের মধ্যে মহাকাশ গবেষণা বিষয়ক সহযোগিতা চলে আসছে। এর আগে পাকিস্তানের বেশ কয়েকটি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে চীন। এ ছাড়া ২০২৮ সালের দিকে চীনের একটি গুরুত্বপূর্ণ চন্দ্রাভিযানে পাকিস্তানের তৈরি একটি রোভারও অংশ নেওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক মহাকাশ গবেষণার পটভূমিতে এই অভিযান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ২০৩০ সালের মধ্যে অবসরে যাওয়ার সম্ভাবনা থাকায় নিজস্ব মহাকাশ স্টেশন তিয়াংগংকে আন্তর্জাতিক সহযোগিতার বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে চীন। হংকংভিত্তিক অরবিটাল গেটওয়ে কনসাল্টিংয়ের প্রতিষ্ঠাতা ব্লেইন কারসিও মনে করেন, এই অভিযানের মাধ্যমে পাকিস্তান আন্তর্জাতিক মর্যাদা, বৈজ্ঞানিক প্রযুক্তিগত জ্ঞান ও চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের সুযোগ পাবে। অন্যদিকে একজন বিদেশি নভোচারীকে স্বাগতম জানিয়ে চীন বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা বৈশ্বিক সহযোগিতার জন্য উন্মুক্ত।

তবে যুক্তরাষ্ট্রের সিকিউর ওয়ার্ল্ড ফাউন্ডেশনের মহাকাশ নিরাপত্তা বিষয়ক পরিচালক ভিক্টোরিয়া স্যামসন মনে করেন, মহাকাশ কর্মসূচিকে আন্তর্জাতিক ভূরাজনীতিতে প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চীন বেশ দক্ষ। গ্লোবাল সাউথের দেশগুলোতে ট্র্যাকিং সেন্টার নির্মাণ কিংবা বিভিন্ন দেশের স্যাটেলাইট উৎক্ষেপণের ধারাবাহিকতাতেই এই পদেক্ষেপ দেখা যেতে পারে। চীনা নভোচারীরা সাধারণত ছয় মাসের আবর্তনে মহাকাশে থাকেন। সে তুলনায় জিশান আলীর সফর স্বল্পমেয়াদী হলেও এটি কূটনৈতিক দিক থেকে পাকিস্তান ও চীনের জন্য বেশ বড় ঘটনা।

২০২২ সালের শেষ দিক থেকে পূর্ণমাত্রায় কার্যকর ‘স্বর্গীয় প্রাসাদ’ নামে পরিচিত তিয়াংগং স্টেশনে সর্বোচ্চ ছয়জন নভোচারী থাকতে পারেন। তবে এবারের দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ায় কিছুটা নতুনত্ব দেখা গেছে। শেনঝৌ-২৩ অভিযানের কমান্ডার ঝু ইয়াংঝু তিয়াংগং স্টেশনেই অবস্থান করবেন। মহাকাশে মানবদেহের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব বিষয়ক গবেষণায় তিনি অংশ নিচ্ছেন, যা চীনের ভবিষ্যৎ চন্দ্র ও মঙ্গল অভিযানের জন্য গুরুত্বপূর্ণ। এক বছর অবস্থান শেষে ঝু ইয়াংঝু মহাকাশে কোনো চীনা নভোচারীর দীর্ঘতম সময় অবস্থানের রেকর্ড গড়বেন। তার বাকি সঙ্গীরা জিশান আলীর সঙ্গেই পৃথিবীতে ফিরবেন।

চন্দ্রাভিযানের বৈশ্বিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ২০ ২৮ সালের মধ্যে এবং চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়েছে। চলতি বছর প্রতিকূল আবহাওয়ার কারণে চীনের চ্যাং’ই-৭ চন্দ্রাভিযান কিছুটা ব্যাহত হলেও ২০৩৫ সালের মধ্যে রাশিয়ার সঙ্গে যৌথভাবে চাঁদে গবেষণা কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে বেইজিংয়ের। মহাকাশের প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটনের অভিযোগ থাকলেও চীন বরাবরই মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের প্রতিশ্রুতি দিয়ে আসছে।

আমার কাঁধে পাকিস্তানের নাম বহন করছি।’অভিযানের ভবিষ্যৎ নিয়ে জিশান আলী বলেন, ‘আমি আশা করি, চীন-পাকিস্তান মহাকাশ সহযোগিতার পরবর্তী অধ্যায় একজন নভোচারী ও একটি অভিযানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং তা একাধিক যৌথ অভিযান, চাঁদ, মঙ্গল এবং আরও দূর পর্যন্ত বিস্তৃত হবে।’ উল্লেখ্য, ১৯৯০-এর দশকের শুরু থেকেই মহাকাশ গবেষণায় চীন ও পাকিস্তানের সহযোগিতা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy