১৯ বছর পর সরকারি স্বীকৃতি পেল নরসিংদীর প্রতিভা দুঃখু মিয়া স্কুল

Published: November 25, 2026, 3:25 am

নরসিংদীর পাঁচদোনায় শারীরিক সীমাবদ্ধতা জয় করে প্রতিষ্ঠিত ‘প্রতিভা দুঃখু মিয়া কিন্ডার গার্টেন স্কুল’ দীর্ঘ ১৯ বছর পর আনুষ্ঠানিকভাবে সরকারি স্বীকৃতি পেয়েছে। মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের প্রতিষ্ঠাতা দুই হাতবিহীন আলতাব হোসেন দুঃখু মিয়ার হাতে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি পত্র ও বেঞ্চ তুলে দেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। প্রধানমন্ত্রীর সাথে আলতাব হোসেনের সাক্ষাতের পর জেলা প্রশাসনের সহায়তায় বিদ্যালয়টির জন্য প্রয়োজনীয় উপকরণ ও শিক্ষার্থীদের বসার বেঞ্চ সরবরাহ করা হয়।

জন্ম থেকেই দুটি হাত না থাকা সত্ত্বেও আলতাব হোসেন দেশের সর্বোচ্চ শিক্ষা অর্জন করেন। তবে শিক্ষা শেষ করে কোনো চাকরি না পাওয়ায় ২০০৭ সালে নিজ বাড়িতেই তিনি গড়ে তোলেন ‘প্রতিভা দুঃখু মিয়া কিন্ডার গার্টেন স্কুল’। কোনো সরকারি সাহায্য ছাড়াই দীর্ঘ ১৯ বছর ধরে চলা এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। স্বীকৃতির জন্য দীর্ঘদিন বিভিন্ন সরকারি দপ্তরে ধরনা দিয়েও কাজ হয়নি। পরবর্তীতে গণমাধ্যমের কল্যাণে বিষয়টি জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে বিদ্যালয়টি স্বীকৃতির মুখ দেখে। দীর্ঘ অপেক্ষার পর এই স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত আলতাব হোসেন সরকার ও জেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সনদ ও উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শফি উল্লাহ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, প্রতিবন্ধকতা জয় করে আলতাব হোসেন দেখিয়ে দিয়েছেন প্রবল ইচ্ছাশক্তির কাছে কোনো বাধাই বড় নয়। মানুষ চাইলে যে সবকিছুই করতে পারে, তিনি তার বাস্তব প্রমাণ। তাঁর এই উদ্যম থেকে শিক্ষা নিয়ে সবারই দেশের সেবায় এগিয়ে আসা উচিত। অন্যদিকে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া আলতাব হোসেনকে জেলার গর্ব হিসেবে আখ্যায়িত করে বলেন, তিনি নিজ চেষ্টায় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। জেলা প্রশাসন তাঁর স্কুলকে স্বীকৃতি ও প্রয়োজনীয় উপকরণ দিয়েছে এবং আগামীতে জেলার অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও শিশুদের উপযোগী করে তুলতে একইভাবে কাজ করা হবে।

প্রতিষ্ঠানটির স্বীকৃতি পত্র ও বেঞ্চ হস্তান্তরের পাশাপাশি এই সুধী সমাবেশ থেকে বিভিন্ন সামাজিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার উপজেলার অসহায় ও দুস্থ নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন। একই সাথে শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের মাঝে বাইসাইকেল, নতুন স্কুল ব্যাগ এবং পরিবেশ সুরক্ষায় গাছের চারা বিতরণ করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh