তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণের ক্ষেত্রে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব দিলেও শ্রমিকপক্ষ তাদের দাবিতে অটল থেকে ২২ হাজার টাকা দাবি করেছে। দুই পক্ষের প্রস্তাবের এই বিশাল ব্যবধানের কারণে মজুরি নির্ধারণে এখনো কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। সভায় মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার কর্তৃক গত ১ নভেম্বর গঠিত ছয় সদস্যের বোর্ডের আলোচ্যসূচিতে শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের বিষয়টি ছিল। তবে দুই পক্ষের অনড় অবস্থানের কারণে এদিনও চূড়ান্ত সুপারিশে পৌঁছানো সম্ভব হয়নি।
মালিকপক্ষ তাদের তৃতীয় লিখিত প্রস্তাবে চারটি গ্রেডে মজুরি নির্ধারণের কথা বলেছে। এর মধ্যে গ্রেড-১-এ ১৮ হাজার ৮২৮ টাকা, গ্রেড-২-এ ১৭ হাজার ৮৮৭ টাকা, গ্রেড-৩-এ ১৬ হাজার ৯৯৬ টাকা এবং গ্রেড-৪-এ ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এর আগের দিন সোমবারের (২৩ নভেম্বর) প্রায় সাড়ে নয় ঘণ্টার আলোচনায় মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকা প্রস্তাব করেছিল, যা মঙ্গলবার ১০০ টাকা কমিয়ে ১৫ হাজার ৭০০ টাকায় নামিয়ে আনা হয়।
অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে কিছুটা সরে এসে ২২ হাজার টাকা দাবি করেছে। তাদের প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এ ৩৫ হাজার, গ্রেড-২-এ ৩০ হাজার, গ্রেড-৩-এ ২৭ হাজার এবং গ্রেড-৪-এ ২২ হাজার টাকা ন্যূনতম মজুরি চাওয়া হয়েছে। শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন। উভয়পক্ষ নিজেদের প্রস্তাব পুনরায় পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে।
সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ আমিন রাসেল এবং বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাজু অংশগ্রহণ করেন।





