ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রশাসনিক কার্যক্রমে রদবদল আনা হয়েছে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস) মো. জাহিদুল ইসলামকে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিরপুর জোন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পল্লবী জোনাল টিম) পদে বদলি করা হয়েছে।
এছাড়া সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সাথে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সারোয়ার হোসেনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডেমরা জোনাল টিম) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।





