সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

Published: November 4, 2026, 10:00 am

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি’র কার্যালয় থেকে তাকে নিজেদের হেফাজতে নেয় ডিবি।

ডিবি প্রধান শফিকুল ইসলাম ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার বা আটক দেখানো হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্যই তাকে গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ইকবাল সোবহান চৌধুরী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টার দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক হিসেবে নিয়োজিত আছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin