মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের জয়, ট্রাম্পের প্রতিক্রিয়া ও হোয়াইট হাউসের বার্তা

Published: November 4, 2026, 4:15 pm

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের বড় ধরনের সাফল্যের পর হোয়াইট হাউস থেকে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একটি ছবি প্রকাশ করে হোয়াইট হাউসের সরকারি অ্যাকাউন্ট থেকে বার্তা দেওয়া হয়েছে, ‘জনস্বার্থে ঘোষণা: ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট।’ প্রকাশিত ছবিতে ওভাল অফিসের বিখ্যাত রেজল্যুট ডেস্কের ওপর ট্রাম্পকে ঝুঁকে থাকতে দেখা যায় এবং ছবির ওপর বড় অক্ষরে লেখা ছিল, ‘পিএসএ: ট্রাম্প ইজ স্টিল ইওর প্রেসিডেন্ট’।

নির্বাচনী ফলাফলে রিপাবলিকানদের ভরাডুবির পর ট্রাম্প আজ দিনের শুরুতে তার প্রতিক্রিয়া জানান। তিনি স্বীকার করেন যে ডেমোক্রেটরা ‘ভালো করেছে’। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, যদি ব্যালটে তার নিজের নাম থাকতো, তবে রিপাবলিকান প্রার্থীরা আরও ভালো ফলাফল করতে পারতেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনের ফল নিয়ে হোয়াইট হাউস কোনো ধরনের চ্যালেঞ্জ করতে পারে—এমন আশঙ্কায় আগে থেকেই নির্বাচনি আইন বিশেষজ্ঞ, ভোটাধিকারকর্মী ও ডেমোক্রেটরা প্রস্তুতি নিচ্ছিলেন। তবে ডেমোক্রেটদের বড় ব্যবধানে জয়ের ফলে এসব অভিযোগ ও প্রচার অনেকটা স্তিমিত হয়ে পড়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্রেটরা ২৩১টি আসন এবং রিপাবলিকানরা ১৩৯টি আসন পেয়েছে। এছাড়া ১০০ সদস্যের মার্কিন সিনেটে ডেমোক্রেটরা ৫৪টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে, যেখানে রিপাবলিকানরা পেয়েছে ৪৩টি আসন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin