চলমান শ্রমিক আন্দোলনের পেছনে পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি দাবি করেন, বর্তমানে যে আন্দোলন চলছে তা আসলে শ্রমিকদের নিজস্ব কোনো আন্দোলন নয়। বরং একটি নির্দিষ্ট পক্ষ শ্রমিক আন্দোলনের আড়ালে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে।
পরিস্থিতি মোকাবিলায় সরকার অত্যন্ত ধৈর্য প্রদর্শন করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করে। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণের লক্ষ্যে সরকার ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে এবং বোর্ড তাদের কাজ শুরু করে দিয়েছে। তাই এই মুহূর্তে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।
তিনি আরও জানান, সরকার আশা করছে নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ড তাদের সুপারিশ তুলে ধরবে। আগামী ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে নির্ধারিত সময়ের আগেই যদি মজুরি ঘোষণা করা সম্ভব হয়, তবে তা সবচেয়ে ভালো হবে বলে মন্তব্য করেন তিনি। সবশেষে শ্রমিকদের কর্মসংস্থান ও শিল্প উৎপাদনের স্বার্থে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।





