‘সত্য-তথ্যে অটুট ২৮ বছর’—এই দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে মহাসমারোহে উদযাপিত হয়েছে সংবাদমাধ্যম প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে প্রতিষ্ঠানের কর্মী ও কর্মকর্তাদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মিলনমেলা ও কর্মী সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আনন্দময় মুহূর্তের অংশ হন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মী সমাবেশে সংবাদমাধ্যমটির আগামী দিনের পথচলা ও ভবিষ্যতের বিভিন্ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ বিষয়ে আলোকপাত করেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, হেড অব অনলাইন শওকত হোসেন মাসুম, হেড অব রিসার্চ অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মোমেনুর রশিদ সিদ্দিকী এবং চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান। বক্তব্য শেষে তাঁদের ফুল দিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মাঠপর্যায়ের সাংবাদিকদের কাজের অভিজ্ঞতা বিনিময়। এ বছর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চলে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনার সংবাদ সংগ্রহের পেছনের গল্প শোনান প্রথম আলোর প্রতিবেদকদের কয়েকজন। তাঁদের রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতা উপস্থিত কর্মীদের অনুপ্রাণিত করে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের কর্মীদের অংশগ্রহণে কুইজ, নিজস্ব লেখা এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আবু তাহের, দ্বিতীয় স্থান লাভ করেন শওকত হোসেন মাসুম এবং তৃতীয় স্থান অর্জন করেন মো. আল–মামুন। নিজের লেখা প্রতিযোগিতায় বিজয়ী তিন কর্মী হলেন কাজী আলিম-উজ-জামান, মানসুরা হোসাইন ও মোহাম্মদ ইব্রাহীম আশিক।
অন্যদিকে প্রযুক্তিভিত্তিক এআই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সমন্বিত ডেস্কের মাহফুজার রহমান সরকার। দ্বিতীয় স্থান পান অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের হাসান তারেক এবং তৃতীয় হন মানবসম্পদ বিভাগের পলাশ মণ্ডল। বিজয়ী কর্মীরা নিজ নিজ বিভাগের পক্ষে আনন্দঘন পরিবেশে এই স্মারক গ্রহণ করেন।





