কূটনৈতিক তৎপরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় স্বস্তি

Published: November 3, 2026, 3:46 am

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগের ইতিবাচক আভাস পাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের স্বস্তি ফিরেছে। পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার যে তীব্র আশঙ্কা তৈরি হয়েছিল, তা কিছুটা প্রশমিত হওয়ায় সোমবার একদিনেই তেলের দাম প্রায় ৬ শতাংশ কমেছে।

গ্রিনিচ মান সময় (জিএমটি) বেলা ২টার তথ্যানুযায়ী, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬ দশমিক ৯০ ডলার বা ৬ শতাংশ কমে ১০৬ ডলার ৫০ সেন্টে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৬ ডলার ২৫ সেন্ট বা ৬ শতাংশ কমে ৯৭ ডলার ৮৭ সেন্টে অবস্থান করছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সংঘাত অবসানে সরকারের কূটনৈতিক আলোচনার প্রচেষ্টায় সম্মতি প্রকাশ করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই সোমবার জানিয়েছেন, কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে বার্তা পৌঁছানোর লক্ষ্যে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি দোহা সফর করেছেন। তেহরান তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত সামরিক ও নৌ অবরোধ তুলে নেওয়ার শর্তের সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় সচল করার প্রস্তাবকে সরাসরি যুক্ত করেছে।

অন্যদিকে, মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে তিনি কূটনৈতিক সমাধান প্রচেষ্টাকে আরও কিছুটা সময় দিতে চান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh