যশোরে খেজুরের গুড় সংগ্রহ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন

Published: November 3, 2026, 3:21 am

যশোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য খেজুরের গুড় সংগ্রহ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামে রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুতকরণ বা গাছ তোলা কার্যক্রমের উদ্বোধন ও গাছি সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চৌগাছা উপজেলায় প্রায় দুই লাখ খেজুরগাছ রয়েছে, যার মধ্যে অন্তত ৩০ হাজার গাছ থেকে রস সংগ্রহ করা সম্ভব। প্রতিটি গাছ থেকে মৌসুমে প্রায় ৮০ লিটার রস এবং তা থেকে ১০ কেজি গুড় উৎপাদন হয়। এই হিসাবে শুধু চৌগাছাতেই ৯ কোটি টাকার গুড় উৎপাদনের আশা করা হচ্ছে। এছাড়া চলতি মৌসুমে সমগ্র যশোর জেলায় কমপক্ষে ১০০ কোটি টাকার খেজুরের গুড় উৎপাদিত হবে বলে ধারণা করা হচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, সরকার চলতি মৌসুম থেকে খেজুরের গুড় বিদেশে রপ্তানির ব্যাপারে কার্যকর ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন যে, ইতিমধ্যেই একজন উদ্যোক্তা খেজুরের রস থেকে সিরাপ তৈরি করে বিদেশে রপ্তানির উদ্যোগ গ্রহণ করেছেন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক গাছিদের মাঝে খেজুরের চারা, দা এবং মাটির ভাঁড়সহ বিভিন্ন প্রণোদনাসামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেসবাউর রহমান এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৯: ০০আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৯: ০৬

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh