ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়, যার ফলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই বন্ধ এবং কালো তালিকাভুক্ত করার প্রথা বাতিল করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ও বিজিবি’র সদস্যদের সঙ্গে আন্দোলনকারী শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে। মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
এদিকে, শ্রমিকদের এই আন্দোলন প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের একাংশকেও সড়কে অবস্থান নিতে দেখা গেছে। এর আগে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান এবং সংসদ সদস্য মো. মজিবুর রহমান একত্রে বৈঠক করেছেন।
উল্লেখ্য যে, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিসহ বিভিন্ন দাবিতে গত রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরে পোশাকশ্রমিকেরা আন্দোলন শুরু করেন। ওই দিনই তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ৬ সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার। সচিবালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে নতুন মজুরি বোর্ডের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্দোলনের জেরে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সড়ক অবরোধের মতো ঘটনা ঘটেছে।





