সড়ক দুর্ঘটনায় নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী জাকিরুল ইসলাম নিহতের প্রতিবাদে এবং সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ময়মনসিংহের বাইপাস এলাকায় অবস্থিত নটরডেম কলেজের সামনের মহাসড়কে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
শিক্ষার্থীদের এই অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এর প্রভাবে ঢাকার সঙ্গে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা রুটে চলাচলকারী বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। বিক্ষোভ চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজীব পরিবহনের ৩টি বাসও আটক করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানান, আগামীকাল মঙ্গলবার বেলা ১১টার মধ্যে রাজীব পরিবহনের সব বাসের রুট পারমিট বাতিল করতে হবে। একই সঙ্গে দায়ী বাসচালকদের বিচারের আওতায় আনা এবং সড়কে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে সব শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন তারা।
উল্লেখ্য, গতকাল রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের চাপায় মারা যান নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী জাকিরুল ইসলাম। এর আগে গত ২ অক্টোবর একই মহাসড়কের আকুয়া বাইপাস এলাকার বাংলাদেশ ব্যাংকের সামনে রাজীব পরিবহনেরই আরেকটি বাসের ধাক্কায় শিশুসহ সাতজনের মৃত্যু হয়।





