ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে নির্যাতন চালিয়ে দুই চোখ উপড়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার বাইটকুমারী বিলের পাশের একটি ধানক্ষেত থেকে তাকে আশঙ্কাজনক ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত দেলোয়ার কৃষ্ণনগর ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে বাইটকুমারী বিলের নির্জন স্থানে আটকে রাখে। সেখানে তার হাত ও পা বেঁধে নির্যাতন চালানো হয়। নির্যাতনের একপর্যায়ে দুর্বৃত্তরা তার দুটি চোখ উপড়ে ফেলে এবং তিনি মারা গেছেন ভেবে বিলের পাড়ে ফেলে রেখে চলে যায়। সোমবার সকালে স্থানীয় লোকজন ধানক্ষেতে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এলাকাবাসীর দাবি, দেলোয়ার এলাকায় নিয়মিত চুরির অপরাধের সঙ্গে জড়িত ছিলেন এবং তার কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন স্থানীয়রা। ঘটনার সত্যতা নিশ্চিত করে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম বাদশা মিয়া জানান, সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিবারের সদস্যরা দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দেলোয়ার চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেলেও কারা এই বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।





