মোটরসাইকেল ফেরত চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

Published: November 1, 2026, 4:15 pm

মোটরসাইকেল ফেরত চাওয়ার জেরে প্রতিপক্ষের হামলায় হোসেন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় তার ছেলে সাইফুল ইসলামও গুরুতর আহত হয়েছেন। রোববার রাতে সদর উপজেলার কাজিরদিঘীর বাজারে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হোসেন মিয়া কাজিরদিঘীর পাড় এলাকার সুলতান আহমেদ ভূইয়ার ছেলে। তিনি স্থানীয় কাজিরদিঘীর পাড় বাজারে দর্জির কাজ করতেন এবং তার ছেলে সাইফুল ইসলাম একই বাজারে ওষুধের ফার্মেসীর ব্যবসা করেন।

পুলিশ ও নিহতের স্বজনদের ভাষ্যমতে, ১৮ই অক্টোবর দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি একই বাড়ির শাকিল হোসেন কিছুক্ষণের জন্য ধার নিয়েছিলেন। তবে ১৩ দিন পেরিয়ে গেলেও শাকিল মোটরসাইকেলটি ফেরত না দিয়ে তালবাহানা করতে থাকেন। গত রোববার সন্ধ্যার পর সাইফুল ইসলাম তার বাবা হোসেন মিয়া ও কয়েকজন পরিচিতকে নিয়ে কাজিরদিঘীর পাড় বাজারে শাকিলের কাছে মোটরসাইকেলটি আনতে যান।

সেখানে শাকিল হোসেন মোটরসাইকেল ফেরত দেওয়া নিয়ে গড়িমসি শুরু করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল হোসেন ও বিপ্লবসহ আরও কয়েকজন মিলে হোসেন মিয়া ও তার ছেলে সাইফুল ইসলামের ওপর হামলা চালায়। এতে বাবা-ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত সাইফুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin