অস্ট্রেলিয়ায় প্রোটেকশন ভিসা আবেদনকারীদের বিদেশ ভ্রমণে নতুন কড়াকড়ি

Published: November 2, 2026, 7:40 am

অস্ট্রেলিয়ায় প্রোটেকশন ভিসার জন্য আবেদন করে সিদ্ধান্তের অপেক্ষায় থাকা ব্যক্তিদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ কার্যকর করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ১ নভেম্বর থেকে এই নতুন নিয়ম বলবৎ হয়েছে, যার ফলে আবেদনকারীরা আর নতুন করে ‘ব্রিজিং ভিসা বি’ (Bridging Visa B) পাওয়ার সুযোগ পাচ্ছেন না। এই পরিবর্তনের ফলে প্রোটেকশন ভিসা আবেদন নিষ্পত্তির অপেক্ষায় থাকা ব্যক্তিরা অস্ট্রেলিয়া ছেড়ে বিদেশ ভ্রমণ এবং পুনরায় দেশটিতে প্রবেশের সুবিধা থেকে বঞ্চিত হবেন।

ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রোটেকশন ভিসা (সাবক্লাস ৮৬৬) সংক্রান্ত হালনাগাদ নির্দেশনায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ সময় ধরে ভিসার অপেক্ষায় থাকা অভিবাসনপ্রত্যাশীদের বিদেশ ভ্রমণের পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে যাদের পরিবারের সদস্য বাংলাদেশে রয়েছেন, তাদের জন্য জরুরি প্রয়োজনে দেশে যাওয়া এখন আরও কঠিন হয়ে পড়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, ‘ব্রিজিং ভিসা এ’ এবং ‘ব্রিজিং ভিসা বি’-এর মধ্যে বড় পার্থক্য রয়েছে। যেখানে ব্রিজিং ভিসা এ অস্ট্রেলিয়ায় বৈধভাবে অবস্থানের সুযোগ দিলেও বিদেশ ভ্রমণের পর পুনরায় প্রবেশের অনুমতি দেয় না, সেখানে ব্রিজিং ভিসা বি নির্ধারিত ভ্রমণসীমার মধ্যে দেশত্যাগ ও প্রবেশের সুযোগ দিত। নতুন বিধিনিষেধের ফলে এখন প্রোটেকশন ভিসা আবেদনকারীরা এই সুবিধা নিতে পারবেন না এবং নির্ধারিত ভ্রমণসীমা শেষ হয়ে গেলে নতুন করে ব্রিজিং ভিসা বি-এর আবেদনও করতে পারবেন না।

তবে নতুন বিধিনিষেধ কার্যকর হওয়ার আগেই যারা ব্রিজিং ভিসা বি-এর জন্য আবেদন জমা দিয়েছেন, তাদের ক্ষেত্রে কিছুটা নমনীয়তা রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১ নভেম্বরের আগে দাখিল করা আবেদনগুলো নিয়ম অনুযায়ী পর্যালোচনা করা হবে এবং নতুন নীতির কারণে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না। তবে আবেদন করলেই ভিসা অনুমোদনের কোনো নিশ্চয়তা নেই। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যক্তির পরিস্থিতি ও শর্ত যাচাইয়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। তাই আগে আবেদন করে থাকলে যথাযথ প্রমাণ সংগ্রহ, অভিবাসন বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে নিয়মিত খোঁজ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin