বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন পঞ্চম দিনে গড়িয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় দিগন্ত গার্মেন্টসের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। বিক্ষোভ চলাকালে তারা সড়কের কয়েকটি স্থানে বর্জ্য এনে আগুন ধরিয়ে দেন। এতে ওই পথে সব ধরনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, শ্রমিকদের অবরোধের কারণে জয়দেবপুর চৌরাস্তা থেকে নাওজোর মোড় পর্যন্ত পুরো সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছে। দূরপাল্লার বাস বা ট্রাকের পাশাপাশি অটোরিকশা ও মোটরসাইকেলের মতো ছোট যান চলাচলেও বাধা দিচ্ছেন আন্দোলনকারীরা। যানবাহন চলাচল বন্ধ থাকার সুযোগে অনেক শ্রমিককে অবরুদ্ধ মহাসড়কের ওপরই ক্রিকেট খেলতে দেখা গেছে।
আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন সাংবাদিকরা। উপস্থিত গণমাধ্যমকর্মীরা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে তথ্য নেওয়া এবং ছবি ও ভিডিও ধারণের অনুরোধ জানালে শ্রমিকরা তাতে বাধা দেন। এ নিয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে পরিস্থিতি নিশ্চিত করে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল ৯টা থেকে নাওজোর এলাকায় পোশাকশ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরুদ্ধ করে রাখায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। তিনি জানান, মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।





