মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, বন্ধ ১১ নম্বর মেট্রোরেল স্টেশন

Published: November 3, 2026, 6:10 am

রাজধানীর মিরপুরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে এমআরটি পুলিশের কন্ট্রোল রুম থেকে স্টেশনটি বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই পোশাকশ্রমিকেরা নিজ নিজ কারখানার সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে তারা মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকেরা প্রধান সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় ক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে কারখানা ছেড়ে বাইরে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল (কাঁদানে গ্যাস) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত রোববার সকাল থেকে রাজধানীর মিরপুরসহ সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। আন্দোলনকে কেন্দ্র করে এসব এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, সড়ক অবরোধ এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে।

শ্রমিক আন্দোলনের মুখে তৈরি পোশাক শিল্পের মজুরি নতুন করে নির্ধারণের লক্ষ্যে ওই দিনই সরকার ৬ সদস্যের একটি 'নিম্নতম মজুরি বোর্ড' গঠন করে। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin