মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

Published: November 3, 2026, 7:05 am

রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন আজ টানা চতুর্থ দিনে গড়িয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে, যা পুরো এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে।

উদ্ভূত এই পরিস্থিতিতে মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের সার্বিক নিরাপত্তার স্বার্থে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এমআরটি পুলিশের কন্ট্রোল রুম থেকে মঙ্গলবার সকালে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এমআরটি পুলিশ কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সহিংস রূপ নেওয়ায় স্টেশনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে মিরপুর-১১ নম্বর স্টেশনে কোনো ট্রেন থামছে না এবং যাত্রী ওঠানামাও করানো হচ্ছে না। তবে মেট্রোরেলের অন্যান্য স্টেশনগুলোতে ট্রেন চলাচল আপাতত স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মিরপুর-১১ নম্বর স্টেশনটি পুনরায় চালু করা হবে বলে এমআরটি পুলিশ কন্ট্রোল রুম জানিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin