ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাঁদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৫ বিধি অনুযায়ী এ শপথ গ্রহণ সম্পন্ন হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। স্পিকারের নিকট শপথ নেওয়ার পর নবনির্বাচিত দুই সংসদ সদস্য সংসদ সচিবের কক্ষে গিয়ে আনুষ্ঠানিকভাবে শপথ বইয়ে স্বাক্ষর প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্যবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই সময়ে উপস্থিত ছিলেন।





