হাই কোর্টে জামিনের পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

Published: November 3, 2026, 8:21 am

উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার (০৩ অক্টোবর) সকাল ১০টায় তিনি মুক্তি লাভ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ।

কারা কর্তৃপক্ষ জানায়, সোমবার সন্ধ্যায় আখতারুজ্জামানের জামিনের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছায়। এরপর প্রয়োজনীয় দাপ্তরিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মঙ্গলবার সকালে তাকে মুক্ত করা হয়। এর আগে গত রবিবার হাই কোর্ট তার জামিন মঞ্জুর করেছিলেন বলে জানান তার আইনজীবী দলের সদস্য আজিম উদ্দিন পাটোয়ারী।

হাই কোর্টের দেওয়া ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আপিল আবেদন জানিয়েছিল। তবে সোমবার চেম্বার আদালত সেই আবেদনে ‘নো অর্ডার’ দেন। ফলে হাই কোর্টের জামিন বহাল থাকে এবং সেই আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় তিনি কারাগার থেকে ছাড়া পান।

উল্লেখ্য, গত ১ অক্টোবর সকালে মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনা ঘটে। ওই সময় আখতারুজ্জামান রঞ্জনের বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি দেওয়া ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধর করার অভিযোগে মামলা দায়ের করা হয়। সেই মামলায় ২ অক্টোবর ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh