আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধ, ৮ কারখানায় ছুটি

Published: November 3, 2026, 6:42 am

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকাসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার সকাল ৮টার পর থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নিলে নরসিংহপুর, জামগড়া ও নিশ্চিন্তপুরসহ আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষুব্ধ শ্রমিকরা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে অবস্থান নিলে যান চলাচল ব্যাহত হয়। এ সময় বাইপাইল এলাকায় বেশ কিছু দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে এবং নরসিংহপুর এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে গরম পানি নিক্ষেপের পাশাপাশি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। অভিযোগ রয়েছে, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জও করেছে, এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে আহতের সঠিক সংখ্যা জানা যায়নি।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকাল ৯টার দিকে নিউএইজ, হা-মীম ও ভার্চুয়াল বটম লিমিটেডসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে এলে পুলিশি বাধার মুখে পড়েন। শ্রমিকদের অভিযোগ, হাজিরা নিশ্চিত করতে কার্ড পাঞ্চ করার পরই তারা বিক্ষোভ শুরু করেন এবং এক পর্যায়ে কারখানার বাইরে বেরিয়ে আসেন।

শ্রমিক অসন্তোষের মুখে অনন্ত গার্মেন্টস, ডেকো গার্মেন্টস, নিউএইজ, আল-মুসলিম, সাদিয়া ফ্যাশন, নীট এশিয়া, হা-মীম গ্রুপ ও শারমিন গ্রুপসহ অন্তত ৮টি পোশাক কারখানায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। এসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে এলেও উৎপাদন কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পরিস্থিতি মোকাবিলা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin