যুক্তরাষ্ট্রজুড়ে হ্যালোইন উৎসব চলাকালে ধারাবাহিক বন্দুক হামলা ও সহিংসতার ঘটনায় উৎসবের আবহ বিষাদে পরিণত হয়েছে। ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে সংঘটিত এসব হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং অন্তত ৯৪ জন আহত হয়েছেন। সোমবার মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, নাইটক্লাব, কাপড়ের দোকান, স্টেডিয়াম, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং বিভিন্ন জনবহুল স্থানে এসব রক্তক্ষয়ী ঘটনা ঘটে। এর মধ্যে সবচেয়ে বড় প্রাণহানির ঘটনাটি ঘটেছে টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম বিনোদন এলাকায়। সেখানে শনিবার দিবাগত রাত থেকে রবিবারের প্রথম প্রহরের মধ্যে মাত্র এক ঘণ্টা ১৫ মিনিটের ব্যবধানে তিনটি পৃথক বন্দুক হামলা চালানো হয়। এতে চারজন প্রাণ হারান এবং ১৫ জন আহত হন।
ডালাস পুলিশের প্রধান ড্যানিয়েল কোমো জানান, আলাদা তিনটি ঘটনার মধ্যে কোনো ধরনের সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিক অনুসন্ধানে কোনো যোগসূত্রের প্রমাণ মেলেনি। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং হামলার আসল কারণ অনুসন্ধানে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
অন্যদিকে, আলাবামা স্টেট ইউনিভার্সিটি ও আলাবামা এঅ্যান্ডএম ইউনিভার্সিটির মধ্যকার ঐতিহ্যবাহী ফুটবল ম্যাচ ঘিরে আলাবামার বার্মিংহামে রক্তপাত ঘটে। প্রায় ৭০ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই ম্যাচের পর স্টেডিয়ামের বাইরে ও পার্কিং এলাকায় বন্দুক হামলায় একজন নিহত ও আটজন আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
ফ্লোরিডার জ্যাকসনভিল শহরেও হ্যালোইন উদ্যাপনের সময় দুটি আলাদা বন্দুক হামলায় দুজন মারা যান এবং ১১ জন আহত হন। নিহতদের মধ্যে ১৭ বছরের এক কিশোরী এবং ২০ বছরের এক তরুণ রয়েছেন। দ্বন্দ্বে জড়িয়ে পড়ার জের ধরে গুলিবর্ষণের এ সূত্রপাত ঘটে বলে পুলিশের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।
ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ড এলাকার একটি কাপড়ের দোকানে পরিকল্পিতভাবে চালানো হামলায় চার সন্তানের জননী ৩১ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারী প্রাণ হারিয়েছেন। ওই ঘটনায় আরও ছয়জন আহত হন, যাদের মধ্যে দুই কিশোরের অবস্থা গুরুতর। এছাড়া মিসিসিপির জ্যাকসনের একটি নৈশক্লাবে হামলায় দুজন নিহত ও চারজন আহত হন। ইলিনয়ের ব্লুমিংটনে ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটির কাছে গুলিতে ১৯ বছরের এক তরুণী নিহত এবং সাতজন আহত হন। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ব্লুমিংটনে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতেও একটি বন্দুক হামলায় সাতজন আহত হয়েছেন।





