অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে তীব্র ঘূর্ণিঝড় মুরাসু

Published: November 3, 2026, 4:11 am

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে তীব্র ঘূর্ণিঝড় ‘মুরাসু’। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, মঙ্গলবার (৩ নভেম্বর) মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার ওঙ্গোল শহরের কাছাকাছি এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টির স্থলভাগ অতিক্রম বা ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়। রাত ১টার দিকে শুরু হওয়া এই দুর্যোগের প্রভাবে উপকূলীয় এলাকায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইছে। সেই সঙ্গে শুরু হয়েছে প্রবল বর্ষণ।

রাত ১টা ৩০ মিনিটের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের নিকটবর্তী অবস্থানে ছিল। এসময় এটি ওঙ্গোল থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কাভালি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বাপাতলা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি নেলোর ও নরসাপুরের মধ্যবর্তী ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে উপকূল অতিক্রম করবে এবং সকাল পর্যন্ত উপকূলে ও এর আশপাশের এলাকায় ঝোড়ো হাওয়ার তীব্রতা বহাল থাকবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১২ ঘণ্টা দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বুধবার সকাল পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জোয়ারের স্বাভাবিক উচ্চতার চেয়ে ১ থেকে ১.৫ মিটার উঁচু জলোচ্ছ্বাসে দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। বিশেষ করে বাপাতলা, কৃষ্ণা ও প্রকাশম জেলায় জলোচ্ছ্বাসের ঝুঁকি সবচেয়ে বেশি বলে সতর্ক করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin