ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমারকে গ্রেপ্তার দেখানোর আদেশ আদালতের

Published: November 2, 2026, 10:01 am

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই নির্দেশ প্রদান করেন।

দুদকের পক্ষ থেকে আদালতে দাখিল করা আবেদনে বলা হয়েছে, দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১১২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার টাকার সম্পদের মালিকানা অর্জন ও তা দখলে রাখার অভিযোগ রয়েছে। এছাড়া তার ৩৪টি ব্যাংক হিসাবে মোট ৭৫৫ কোটি ৩০ লাখ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্তকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আদালতকে জানানো হয়।

উল্লেখ্য যে, গত ১৯ অক্টোবর রাজধানীর বনানী এলাকা থেকে পুলিশ দিলীপ কুমারকে গ্রেপ্তার করে। পরদিন মানি লন্ডারিং মামলায় আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর জুলাই গণঅভ্যুত্থানকালে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে বর্তমানে কারাগারে পাঠানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin