সাবেক সেনা কর্মকর্তা হাফিজের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

Published: November 1, 2026, 12:55 pm

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনের একটি মামলায় অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান এই আদেশ প্রদান করেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও লেফটেন্যান্ট গুলশান আরাসহ অন্যান্যদের সহায়তায় সরকারবিরোধী হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তহবিল সংগ্রহ ও সহিংস উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে আরও বলা হয়, আসামি ‘ইউনিটি কেয়ার’ ও ‘পাবলিক পার্লামেন্ট’ নামক প্ল্যাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এ কে এম শফিউল হক, আজিজ আহমদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পলাতক শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ রক্ষা করে আওয়ামী লীগের পুনর্বাসন ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এছাড়া, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবৈধ অর্থায়ন ও সন্ত্রাসবিরোধী আইনের অপরাধের সঙ্গে তিনি জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও দাবি করা হয়, আসামি ফেসবুক পেজের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা ও সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছেন। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানো, দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি, দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করা এবং পুলিশ হত্যার পক্ষে অপপ্রচার চালিয়ে রাষ্ট্রদ্রোহমূলক কাজে তিনি নিয়োজিত। গত ৫ আগস্ট ২০২৪-এর পর থেকে তিনি সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে কুৎসামূলক প্রচারণা চালাচ্ছেন এবং দেশি-বিদেশি চক্রান্তকারীদের সাথে তার যোগাযোগ রয়েছে।

শুনানিকালে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিউকিউটর হারুন-অর-রশীদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জামাল উদ্দিন ভূঁইয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রাতে ঢাকার বনানী এলাকা থেকে আব্দুল হাফিজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy