শিশুর গৃহশিক্ষক ইমাম গ্রেপ্তার: মায়ের সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে ব্ল্যাকমেইল

Published: November 2, 2026, 5:02 am

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার একটি জামে মসজিদের ইমাম নূর আলম শেখকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়েছে। সোমবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নূর আলম গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতী এলাকার বাসিন্দা এবং বিবাহিত ও চার সন্তানের বাবা। প্রায় ১৮ মাস ধরে তিনি টঙ্গিবাড়ীর ওই মসজিদে ইমামতি করছিলেন। স্থানীয় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্মীয় শিক্ষা দেওয়ার সুবাদে তার বাড়িতে যাতায়াত ছিল নূর আলমের। এই সুযোগে শিশুটির মায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয় এবং সেই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন ওই ইমাম।

প্রায় এক মাস আগে সম্পর্কের বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি তাকে বহিষ্কার করে এবং এলাকা ছাড়তে বাধ্য করে। এরপর থেকে তিনি শ্রীনগরে অবস্থান করে ওই গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। তার সঙ্গে দেখা করে ঘনিষ্ঠ হওয়ার জন্য চাপ প্রয়োগ করেন এবং একপর্যায়ে ধারণ করা অশ্লীল ভিডিও পরিবারের সদস্যের কাছে পাঠান। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি ব্ল্যাকমেইল করছিলেন বলে অভিযোগ রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. কামরান হোসেন জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর আলম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় নারী-শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin