গঙ্গার পানি না পেলে ভারতীয় পণ্য ও ট্রানজিট বন্ধের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

Published: November 1, 2026, 6:50 pm

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, বাংলাদেশে গঙ্গার পানি না আসলে ভারতীয় কোনো পণ্য দেশে আসবে না। একইসঙ্গে নদীভিত্তিক পানি সমস্যার সমাধান না হলে ভারতীয় পণ্যের পাশাপাশি কোনো করিডোর, ট্রানজিট কিংবা ভারতীয় টিভি চ্যানেলও বাংলাদেশে চলতে দেওয়া হবে না বলে উল্লেখ করেন তিনি।

ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে নাহিদ ইসলাম বলেন, মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা অভিমুখে লং মার্চের ইতিহাস সবার জানা। ভবিষ্যতে যদি পরিস্থিতি তেমন হয়, তবে তারা আবারও লং মার্চের জন্য প্রস্তুত রয়েছেন।

সরকারের অর্থনৈতিক নীতির সমালোচনা করে তিনি বলেন, সরকার বর্তমানে ঋণের জন্য বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরছে, কিন্তু কেউ তাদের বিশ্বাস করছে না এবং ঋণও দিচ্ছে না। অতীতে বাংলাদেশে বিনিয়োগ করা বন্ধু রাষ্ট্র জাপানের সঙ্গে মাতারবাড়ি প্রকল্প নিয়ে সরকার কী কী চুক্তি করেছে, তা কোনো ধোঁয়াশা না রেখে জনগণের সামনে স্পষ্ট করার আহ্বান জানান তিনি। জাতীয় সংসদে আলোচনা ছাড়া কোনো জাতীয় চুক্তি পাস করতে না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে ভারতকে কোনো প্রকার অবৈধ করিডোর বা ট্রানজিটের সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করা হলে বাংলাদেশের জনগণ তা রুখে দেবে।

সংবিধান সংশোধন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদের মতামত চাওয়ার বিষয়টি তুলে ধরে এনসিপি আহ্বায়ক প্রশ্ন তোলেন, মতামত চাওয়ার সালাহউদ্দিন সাহেব কে? তিনি বলেন, এখন বিরোধী দলকে আলোচনার আহ্বান জানানো হলেও নির্বাচনের আগেই সেই আলোচনা সম্পন্ন হয়ে গেছে। এখন আর নতুন করে আলোচনার কিছু নেই, বরং বাস্তবায়নের সময় এসেছে। গণভোটের গণরায় অনুযায়ী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংবিধান সংস্কারের দাবি জানান তিনি। এর অন্যথা হলে দেশবাসী, বিরোধী দল, তরুণ প্রজন্ম ও শ্রমিকরা তা মেনে নেবে না বলে সতর্ক করেন তিনি।

সম্মেলনে শ্রমিক আন্দোলনের বিষয়ে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকরা আন্দোলন করছেন। সরকার সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ালেও শ্রমিক ও বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ায়নি। এই বৈষম্য মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি অবিলম্বে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণের জোর দাবি জানান।

যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবশক্তির সদস্যসচিব প্রকৌশলী ফরহাদ সোহেল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin