কেন্দুয়ায় বিলে বিষ প্রয়োগে মাছ নিধন, ১২ লাখ টাকার ক্ষতি

Published: November 2, 2026, 11:16 am

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামের গিলান্দর বিলে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত তিন দিন ধরে বিলে মাছ মরে ভেসে উঠতে দেখা যাচ্ছে, যার ফলে প্রায় ১২ লাখ টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

পাঁচ একর আয়তনের এই বিলটি গ্রামবাসী দীর্ঘ সময় ধরে ভোগদখল করে আসছেন এবং প্রতি বছর ডাকের মাধ্যমে এটি লিজ দেওয়া হয়। চলতি বছর আবু কাইয়ুম ভূইয়া সর্বোচ্চ ২ লাখ ৫৫ হাজার টাকায় বিলটি লিজ নিয়েছিলেন। পাশাপাশি তিনি আরেকটি ডোবা ৭২ হাজার টাকায় লিজ নেন। পরবর্তীতে ১৫ জনকে শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত করা হয় এবং একজন পাহারাদার নিয়োগের মাধ্যমে মাছের পরিচর্যা চলছিল। বর্তমানে মাছগুলো বিক্রির উপযোগী হয়ে উঠেছিল।

পাহারাদার হায়দার আলী জানিয়েছেন, গত ২৯ অক্টোবর সন্ধ্যায় ইদ্রিস মিয়া নামে একজনকে বিলের পাড়ে ঘোরাঘুরি করতে দেখা গেছে। পরদিন সকাল থেকেই বিলে মাছ মরে ভেসে উঠতে শুরু করে। পুঁটি, ভেদা, টেংরা ও টাকিসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে এবং কার্প, বোয়াল, শোল ও গজার মাছও তলিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে বিলের পানিতে কীটনাশকের খোলা প্যাকেট ভাসতে দেখা গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh