ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য যে অতিরিক্ত ও অস্বাভাবিক ফি নির্ধারণ করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শিক্ষার্থীদের জিম্মি করে এমন গলাকাটা ফি আদায়ের অপচেষ্টা বন্ধ না হলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু নেতারা।
মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের পক্ষে এই বিপুল পরিমাণ ফি পরিশোধ করে সমাবর্তনে অংশ নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, সমাবর্তন শিক্ষার্থীদের আবেগের জায়গা, একে পুঁজি করে বাণিজ্যিক কোনো ফি চাপিয়ে দেওয়া সমীচীন নয়।
মুসাদ্দিক আলী জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তবে তাদের কাছে ব্যক্তিগতভাবে বার্তা পাঠিয়ে শিক্ষার্থীদের দাবির কথা জানানো হয়েছে। ডাকসুর পক্ষ থেকে সমাবর্তন ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা, সমাবর্তনের গাউন স্মৃতিচিহ্ন হিসেবে স্থায়ীভাবে প্রদান এবং সমাবর্তনের দিন মানসম্মত খাবার সরবরাহের সুনির্দিষ্ট দাবি জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব দাবি মেনে কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে ডাকসু।
উল্লেখ্য, ২০২৭ সালে অনুষ্ঠেয় ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নির্ধারিত ফিগুলো হলো: স্নাতক (পাস ও অনার্স/সম্মান/ফিজিওথেরাপি/হেলথ টেকনোলজী ও বিএসসি ইন নার্সিং সহ অন্যান্য) গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তদের রেজিস্ট্রেশন ফি ৩,৫০০ টাকা; স্নাতকোত্তর (মাস্টার্স/সম্মান) রেজিস্ট্রেশন ফি ৫,০০০ টাকা; এমবিবিএস, বিডিএস, এমফিল, পিএইচডি, ডিবিএ, এমএস/এমডি/এমফিল (মেডিকেল), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল সায়েন্স-সহ অন্যান্যদের রেজিস্ট্রেশন ফি ৬,০০০ টাকা এবং ইভিনিং বা এক্সিকিউটিভ ডিগ্রিধারীদের রেজিস্ট্রেশন ফি ৮,০০০ টাকা।
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ২২: ৩০আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ২২: ৩৫





