এনসিটিবির ৯ কর্মকর্তাকে বিভিন্ন কলেজে বদলি করল শিক্ষা মন্ত্রণালয়

Published: October 26, 2026, 1:45 pm

পাঠ্যবই নিয়ে চলমান নানা সমালোচনার পরিপ্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয়জন কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। বদলিকৃত কর্মকর্তাদের বিভিন্ন সরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি না নিলে ওই দিন অফিস সময়ের পর তারা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহযোগী অধ্যাপক মো. কামরুল হক ভূঞাকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে, বিশেষজ্ঞ মো. হুমায়ুন কবিরকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে, বিশেষজ্ঞ আহসানুল আরেফিন চৌধুরীকে যশোরের সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এবং বিশেষজ্ঞ মো. আবু হানিফকে রংপুরের টিচার্স ট্রেনিং কলেজে পাঠানো হয়েছে। এছাড়া অধ্যাপক মো. রেজাউল করিমকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে, মনির হোসেন মজুমদারকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে, মাহমুদ বিন আমিনকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে, আফসানা আইয়ুবকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে এবং এম এম আসাদুজ্জামানকে লালমনিরহাট সরকারি কলেজে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে রোববার (২৫ অক্টোবর) পাঠ্যবইয়ের ‘দাঁড়িপাল্লাকাণ্ড’ নিয়ে আলোচনার মধ্যে এনসিটিবির আরেক কর্মকর্তা মু. আবদুল্লাহ আল যোবায়েরকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বদলি করা হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh