রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার লক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগামী কয়েক সপ্তাহের মধ্যে মস্কো সফরে যেতে পারেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, এই সফরের প্রস্তুতি চলছে, যদিও ইসলামাবাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এর আগে চলতি বছরের মার্চ মাসে শাহবাজ শরিফের মস্কো সফরের পরিকল্পনা ছিল। তবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে সেই সফর স্থগিত করা হয়। সে সময় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের জেরে পুরো অঞ্চলে সংকট তৈরি হয়েছিল। পরিস্থিতি সামাল দেওয়া এবং ইরান থেকে পাকিস্তানি নাগরিকদের সরিয়ে আনার বিষয়টিকে অগ্রাধিকার দিতে গিয়ে ইসলামাবাদ সফরটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল।
বিশ্লেষকদের মতে, সম্ভাব্য এই মস্কো সফরে অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি খাতে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও আফগানিস্তানের বর্তমান অবস্থা নিয়ে পুতিন ও শাহবাজ শরিফের আলোচনার সম্ভাবনা রয়েছে।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উদ্যোগ লক্ষ্য করা গেছে। গত ১২ অক্টোবর রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকোলৎসেভ ইসলামাবাদ সফর করেন এবং পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। ওই সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছিলেন এবং অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
তবে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার পথে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। ব্যাংকিং ব্যবস্থা, অর্থ পরিশোধের কার্যকর পদ্ধতি এবং সরাসরি যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা বাণিজ্য সম্প্রসারণে বড় বাধা হিসেবে কাজ করছে। এই বাস্তবতায় শাহবাজ শরিফের সম্ভাব্য সফর দুই দেশের পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে অবস্থান বিনিময়ে সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সফরের সময়সূচি ও আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি।





