পাকুন্দিয়ায় ১২ কোটি টাকার সড়ক সংস্কার কাজের উদ্বোধন

Published: October 26, 2026, 2:38 pm

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে আদর্শপাড়া পর্যন্ত প্রায় সোয়া ৭ কিলোমিটার সড়ক নির্মাণ ও সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পাকুন্দিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাড. মো. জালাল উদ্দীন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে বাস্তবায়নাধীন এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ কোটি ৫৪ লাখ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মো. জালাল উদ্দীন বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো গ্রামাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করে যাতায়াত ব্যবস্থাকে সহজতর করা। তিনি আরও উল্লেখ করেন যে, পাকুন্দিয়া থেকে আদর্শপাড়া পর্যন্ত এই সড়কটি অত্র অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এবং কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশ দিয়েছেন।

অনুষ্ঠানে এলজিইডি কর্মকর্তা, উপজেলা প্রশাসনের সদস্যবৃন্দ, স্থানীয় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, সড়কটির সংস্কার সম্পন্ন হলে এই অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা আরও দ্রুত ও নিরাপদ হবে, যা শিক্ষা, ব্যবসা ও কৃষিখাতে নতুন গতির সঞ্চার করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin