মেট্রোরেলে অসুস্থ হয়ে বসার জায়গা পাননি বৃদ্ধ, স্ট্রোক করে করুণ মৃত্যু

Published: October 27, 2026, 4:43 pm

ঢাকা মেট্রোরেলে শাহবাগ থেকে উত্তরা ফেরার পথে অসুস্থ হয়ে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যুর আগে শারীরিক অসুস্থতা অনুভব করায় তিনি আশপাশের মানুষের কাছে বসার জন্য একটু জায়গা চেয়েছিলেন, কিন্তু কেউ তাকে সিট ছেড়ে দেননি। শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা অবস্থাতেই তিনি স্ট্রোক করেন এবং মুহূর্তের মধ্যে ঢলে পড়ে মারা যান।

গত ২৪ অক্টোবর দুপুরে শেওড়াপাড়া স্টেশনের কাছাকাছি এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মঙ্গলবার দেওয়া এক পোস্টে বিষয়টি প্রকাশ্যে আনেন নিহতের ছেলে ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য নাকিবুর রহমান (নাজিবুর রহমান)। বাবার এমন প্রয়াণে মানুষের সাধারণ মানবিক আচরণ ও পারস্পরিক সহানুভূতি নিয়ে গভীর অনুভূতির কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে নিহত ব্যক্তির সন্তান উল্লেখ করেন, অসুস্থ বোধ করার পরও বাবাকে কেউ বসতে না দেওয়ায় দাঁড়িয়ে থাকা অবস্থাতেই তিনি স্ট্রোক করে নিচে পড়ে যান। সন্তান হিসেবে বিষয়টি মেনে নেওয়া কতটা কঠিন তা প্রকাশ করে তিনি লেখেন, এ নিয়ে তার কোনো রাগ বা অভিমান নেই। তবে চলাফেরার সময় বয়স্ক বা সিনিয়র সিটিজেনদের প্রতি সদ্ব্যবহার ও বন্ধুত্বপূর্ণ আচরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

তিনি লেখেন, আজ যাকে উপেক্ষা করা হলো, তিনি নিজের বাবা না হলেও অন্য কারও বাবা। তাই সাধারণ চলাফেরায় আশপাশের মানুষের স্বাচ্ছন্দ্য ও সুবিধার বিষয়টি সবার খেয়াল রাখা উচিত। একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে মেট্রোরেল যাতায়াত সংক্রান্ত কোনো উচিত-অনুচিত তর্ক বা কাউকে দোষারোপ করে মন্তব্য না করার অনুরোধ জানান নিহতের ছেলে। বাবার মৃত্যুর পর আসা প্রচুর ফোন বা মেসেজের সবকটির উত্তর দিতে না পারার কথা জানিয়ে সবার কাছে তিনি দোয়ার আরজি জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy