যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে তরুণ কারখানাকর্মী মারুফ নিহত

Published: October 27, 2026, 4:23 pm

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দুর্বৃত্তের গুলিতে মারুফ হোসেন ওরফে দুখু (২০) নামের এক কারখানা শ্রমিক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ধলপুর সিটি পল্লী এলাকায় এই গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত মারুফ ধলপুর এলাকার প্রয়াত আব্দুর রশিদের ছেলে। স্বজনরা জানান, তিন ভাই ও এক বোনের মধ্যে মারুফ ছিলেন সবার ছোট। প্রায় এক বছর আগে তিনি বিয়ে করেছিলেন। তিনি সাইদাবাদ মালঞ্চ সেন্টারের পাশের গলিতে অবস্থিত একটি অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল তৈরির কারখানায় কাজ করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে। তবে এ ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজুর ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin